২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর জন্য হরতাল ডেকে মাঠে নেই জামায়াত

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ হওয়ার পর তার দল জামায়াতে ইসলামীর ডাকা হরতালে দিনের শুরুতে ঢাকার রাজপথে তেমন কোনো প্রভাব দেখা যায়নি।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 09:29 AM

Updated : 11 Oct 2022, 08:12 PM

পুরনো খবর:

নিজামীর জন্য জামায়াতের হরতালে ঢাকায় বাড়তি নিরাপত্তা
জামায়াতের হরতাল রাজপথে নেই

রোববার সকাল থেকে ঢাকার কোথাও জামায়াত-শিবির কর্মীদের তেমন কোনো তৎপরতা বা মিছিল-পিকেটিংয়ের খবর আসেনি। বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হরতালের প্রথম দুই ঘণ্টায় গোলযোগের কোনো খবর তারা পাননি।

ঢাকার প্রতিটি মোড়ে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান দেখা গেছে। হরতালে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন র‌্যাব সদস্যরাও।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে আমরা প্রস্তুত আছি।”

তিনি জানান, সাদা পোশাকের পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত অন্য সংস্থার সদস্যদের সাথে সমন্বয় করে তারা কাজ করছেন। রাস্তায় চেকপোস্টে কাউকে সন্দেহ জলে তল্লাশিও করা হচ্ছে।

দিনের শুরুতে রাস্তায় ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহন ছিল অন্য দিনের তুলনায় কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গাড়ির সংখ্যা।

হরতালের মধ্যে নিরাপত্তার কারণে যাত্রী কম থাকে বলে মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছাড়া হয়নি। তবে ঢাকার আশপাশের বিভিন্ন গন্তব্যের বাস ছেড়ে গেছে বলে টার্মিনালের  পরিবহন কর্মীরা জানিয়েছেন।

এই হরতালের কারণে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এদিন এইচএসসিদে যেসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো সোমবার হবে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলীমের পরীক্ষাগুলো ২২ মে নেওয়া হবে।

প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গত বৃহস্পতিবার জামায়াত আমির নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেয়। এরপর দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের নামে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে রোববার সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতালের বার্তা দেওয়া হয়।

এতে বলা হয়, “সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার উদ্দেশ্যেই এই সংগঠনের আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করে। তার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক।”

এর আগে ট্রাইব্যুনাল ও আপিল বিভাগে জামায়াত নেতাদের যুদ্ধাপরাধ মামলার সব রায়ের পরও হরতাল করেছে জামায়াত।

প্রথম দিকে এসব কর্মসূচিতে সারা দেশে সারা দেশে ব্যাপক নাশকতা চালানো হয়। তবে সাম্প্রতিক সময়ে হরতালের মধ্যে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি, হরতালে জনজীবনেও তেমন প্রভাব পড়েনি।

মৃত্যুদণ্ড বহালের রায়ের পর যুদ্ধাপরাধী নিজামীর শেষ আইনি সুযোগ ছিল রিভিউ আবেদন। কিন্তু আপিল বিভাগ তা খারিজ করে দেওয়ায় তার সামনে আছে কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ। তিনি তা চাইলে বা রাষ্ট্রপতির ক্ষমা না পেলে সরকার দণ্ড কার্যকর করবে।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর ৬ জানুয়ারি আপিল বিভাগ সেই রায়ই বহাল রাখে।

এর আগে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সরকার।