ইউপি ভোটের ষষ্ঠ ধাপের নৌকা প্রতীকের প্রার্থী তালিকা প্রকাশ
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ৭২৬টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
শনিবার চতুর্থ ধাপের ভোট চলার মধ্যে দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেষ ধাপের ভোটের এই তালিকা প্রকাশ করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল-উল-আলম হানিফ।
এই পর্যন্ত অনুষ্ঠিত ইউপি ভোটে অনেক ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী হারিয়ে বিদ্রোহী প্রার্থীদের বিজয়ী হওয়া প্রার্থী নির্বাচনে ভুল প্রমাণ করে কি না- এই প্রশ্ন করা হয় হানিফকে।
উত্তরে তিনি বলেন, “এই সমস্যা প্রার্থী বাছাইয়ের জন্য নয়। প্রায় সাড়ে পাঁচ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে, এর মধ্যে কয়েকটি জায়গায় সমস্যা হয়েছে যা অত্যন্তই নগন্য।”
উচ্চ আদালতের বিচারকদের সরকারের ইচ্ছামতো কাজ করাতে তাদেরকে অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে আইন করা হচ্ছে বলে বিএনপির অভিযোগের জবাবে হানিফ বলেন,“বিএনপির জন্মই হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। তারা সব সময়ই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।”
ষোড়শ সংশোধনী হাই কোর্টে অবৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি বলেন, “রোববার আদালতে সরকার পক্ষ থেকে আপিল করা হবে। আমরা আশা করছি জনগণের ক্ষমতা জনগণের পক্ষেই যাবে।”
উচ্চ আদালতের বিচারক অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়। এরপর অসদাচরণের জন্য উচ্চ আদালতের কোনো বিচারককে কীভাবে অপসারণ করা যাবে, সে প্রক্রিয়া নির্ধারণের আইনের খসড়ায় সম্প্রতি সম্মতি দেয় মন্ত্রিসভা।
এদিকে বৃহস্পতিবারই বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করেছে হাই কোর্টের একটি বিশেষ বেঞ্চ।
সংবাদ সম্মেলনে হানিফের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক ছাত্রলীগ সভাপতি আব্দুল মান্নান, আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য এস এম কামাল, সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম।
