২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ চুরি: তদন্তের ‘ধীরগতিতে’ বিএনপির উদ্বেগ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ ‘খোয়া’ যাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির কাজে ‘ধীরগতিতে’ উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 08:30 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

নয়া পল্টনে দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “গতকাল (বুধবার) ড. ফরাসউদ্দিন আহমেদ অন্তবর্তী প্রতিবেদন জমা দিয়েছেন। তিনি বলেছেন, সরকারকে কিন্তু দম ফেলবার সময় দিতে হবে। উনি নিসন্দেহে একজন গুণী ব্যক্তি, সরকারের শুভাকাঙ্ক্ষী, সরকারকে দম ফেলবার সময় দিয়েছেন।

“আমরা জানতে চাই, সরকারকে দম ফেলবার সময় দিলে আর কত লাশ পড়বে, আর কত মায়ের কোল খালি হবে, আরও কত সামনের নির্বাচন যে লোপাট হয়ে যাবে সরকারের অনুকুলে, সেটি আমরা মনে হয় ড. ফরাসউদ্দিন সাহেবরা জানেন না। আর কত দম ফেলবার সময় দেবেন, আর কত পরামর্শ দেবেন ভোটারবিহীন সরকারকে?”

রিজভী বলেন, “গোটা জাতির দম বন্ধ করে দিয়ে যে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি করে ভোটারবিহীন সরকার গোটা জাতির মধ্যে এক ভয়ংকর আতঙ্কের অমানিশা তৈরি করছেন। এর পরে আরো দম ফেলবার পরামর্শ দিলে এই জাতির অস্তিত্ব বিলিন হয়ে যাবে।”

রিজার্ভের অর্থ লোপাটের ঘটনায় ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তাদের অন্তবর্তীকালীন প্রতিবেদন জমা দেয়।

প্রতিবেদন হাতে পাওয়ার পর এবং বৃহস্পতিবার অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পরই তা প্রকাশ করা হবে।

রিজভী ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে কুমিল্লার লাকসামের ৩ নম্বর কান্দিরপাড়, বুড়িচং উপজেলার ৬টি, গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর, নাটোর সদরের হালসা, নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল, রাজবাড়ীর পাংশার সরিষা, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, লক্ষ্মীপুর ও সিরাজগঞ্জে ক্ষমতাসীন দলের তাণ্ডব, বিএনপির প্রার্থীদের প্রচারণায় বাঁধা, নেতা-কর্মীদের হুমকি, হামলার চিত্র তুলে ধরেন।

তিনি অভিযোগ করে বলেন, “রক্তের ঘ্রান ছাড়া আওয়ামী লীগারদের যেন রাতে ঘুম হয় না। নির্বাচনী এলাকাগুলোয় বিএনপির নেতাকর্মীদের গণগ্রেপ্তার আবার শুরু হয়েছে। ভোটাররা দুর্বিষহ আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে।

“সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী ও পুলিশ মিলে যে রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি করেছে, তাতে মনে হয় নির্বাচনী  এলাকাগুলোয় একাত্তরের পরিস্থিতি বিরাজ করছে।”

এ ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে রিজভী বলেন, “তাণ্ডব ও প্রাণহানী ঠেকাতে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ তো করছেই না বরং উল্টো সরকারি রক্তাক্ত আক্রমণকে আসকারা দিচ্ছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক মোশতাক মিয়া, জ্যেষ্ঠ নেতা ফেরদৌস আহমেদ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।