অসুস্থ তরিকুল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে সিঙ্গাপুর রওনা হন সাবেক তথ্য মন্ত্রী তরিকুল।
তার সঙ্গে স্ত্রী অধ্যাপিকা নার্গিস ইসলাম ও ছোট ছেলে অনিন্দ্র ইসলাম অমিত রয়েছেন।
রওনা হওয়ার আগে অমিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা শ্বাসকষ্ট, কিডনি জটিলতা, হৃদরোগ ও ডায়াবেটিস রোগে ভুগছেন। এখন তার শারীরিক অবস্থা খুব খারাপ।
“এতোদিন বারডেমে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শক্রমে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে।”
বাবার দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসী ও দলের নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন বিএনপি নেতা তরিকুলের এই ছোট ছেলে।
