গ্যাটকো মামলা: খালেদার অভিযোগ গঠন শুনানি ১৮ জুলাই
গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১৮ জুলাই তারিখ দিয়েছে আদালত।
ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বুধবার এই দিন ধার্য করেন।
ওইদিন সব আসামিকে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মামলার অন্যতম আসামি মতিউর রহমান নিজামীকেও কারগার থেকে আদালতে হাজির করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
গত ৫ এপ্রিল খালেদা জিয়া আত্মসমর্পণ করে জামিন নেন।
একই সঙ্গে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার আবেদন করা হলে তাতেও সায় দেন বিচারক।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি খালেদাকে ১৩ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।
খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর তেজগাঁও থানায় গ্যাটকো দুর্নীতি মামলা দায়ের করেন দুদকের উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
এই মামলা হওয়ার পরদিনই খালেদা ও কোকোকে গ্রেপ্তার করা হয়। ওই বছর ১৮ সেপ্টেম্বর মামলাটি অন্তর্ভুক্ত করা হয় জরুরি ক্ষমতা আইনে। পরের বছর ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।
এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার রিট আবেদনে সাত বছর আগে স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। সে সময় জারি করা রুল খারিজ করে গতবছর ৫ অগাস্ট রায় দেয় বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের বেঞ্চ।
মামলার স্থগিতাদেশ তুলে নেওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় ওই রায়ে।
এরপর গত ১৫ ফেব্রুয়ারি হাই কোর্টের ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে দুই মাসের মধ্যে খালেদার নিম্ন আদালতে আত্মসমর্পণের বাধ্যবাধকতা তৈরি হয়।
এরপর জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বিএনপি চেয়ারপারসনকে ১৩ এপ্রিল আদালতে হাজির হতে নির্দেশ দেন।
