লুটপাটতন্ত্রের শাসন চলছে: মাহবুব
দেশে ‘লুটপাটতন্ত্রের’ শাসন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মাহবুবুর রহমান।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে আমরা দেশে দেখছি, আকাশ সমান দুর্নীতি। গরীব-ধনীর যে বৈষ্যম, তা বাড়ছে। দেশের রিজার্ভ ব্যাংক সেটাও লুট হয়ে গেল। আমরা দেখছি- লুটপাটতন্ত্রের শাসন চলছে।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত সভায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ লোপাটের প্রসঙ্গ টেনে ঘটনায় জড়িতদের বের করতে না পারার তীব্র সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
“এটা খুব দুঃখের কথা এতোদিন হয়ে গেল, এখন পর্যন্ত সেই লোপাটের ঘটনায় জড়িতরা ধরা পড়ল না। কারা করেছেন, কতটুকু করেছেন, কোনো কিছুই বের করা গেল না। কিছু টাকা দয়া করে যারা নিয়ে গেছেন, তারা ফেরত দিয়েছে মাত্র। কত বড় লজ্জ্বার কথা বাংলাদেশের।
“আজকেও খবরে আছে, আমেরিকার রিজার্ভ ব্যাংক বলছে, আমাদের এখান থেকে হ্যাকিংয়ের কোনো প্রশ্নই উঠে না। … সেই সম্ভাবনার কোনো সুযোগ নেই। এটা হয়েছে, যাদের টাকা তাদের যোগসাজশে তাদের ওখান থেকে।”
দেশের ব্যাংকিং ব্যবস্থা ‘ধসে গেছে’ মন্তব্য করে সাবেক সেনাপ্রধান মাহবুব বলেন, “বাংলাদেশ ব্যাংক তো মাথা। সেই ব্যাংক থেকে শুরু করে প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে ব্যবস্থাপনা- তাতে লুটপাটের বড় ধরনের যে কর্মযজ্ঞ চলছে, তা বলে শেষ করা যাবে না।”
‘আকাশ ছোঁয়া দুর্নীতি নিয়ে মধ্যম আয়ের দেশে’ উন্নীত হওয়া অসম্ভব মন্তব্য করে তিনি বলেন, “গতকালও পত্রিকায় দেখেছি, ৯ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। আমরা বলছি, আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছি।
“আমি শুধু এইটুকু বলব- যেখানে আকাশ ছোঁয়া দুর্নীতিতে গোটা জাতি ডুবে আছে, সেখানে কখনও দেশ মধ্যম আয়ের দেশে পৌঁছতে পারে না। যদি হিসাব-নিকাশ করে বলেও থাকে, আমি বলি- এটা ভুল হিসাব”
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ক্ষোভ প্রকাশ করে মাহবুবুর রহমান বলেন, “দেশে গণতন্ত্র নেই। ইউনিয়ন পরিষদের দুই ধাপে নির্বাচন হয়ে গেল। সেখানে হত্যাযজ্ঞ, লাশের পর লাশ; যেন এক মৃত্যুপুরী।”
ইউনিয়ন পরিষদের বাকি চার ধাপের নির্বাচনেও রক্তপাতের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “সামনে আবার নির্বাচন হবে। সেখানে কত লাশ পড়বে? এতো হত্যার বিনিময়ে যে নির্বাচন হচ্ছে, … এতে দেশে মঙ্গল বয়ে আনবে না।”
এসব নির্বাচনী সহিংসতার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে সভায় অন্যদের জাগপা সভাপতি শফিউল আলম প্রধান ও বিএনপি নেতা রেজাবুদ্দৌলা চৌধুরী বক্তব্য রাখেন।
