২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক যুগ পর ঢাকা মহানগর আ. লীগের নতুন কমিটি আসছে

এক যুগ পেরিয়ে যাওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির ঘোষণা আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 04:58 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

রোববার এই কমিটি ঘোষণা হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

আগে একটি কমিটি থাকলেও রাজধানীর দুই অংশের জন্য এবার দুটি কমিটি দেওয়া হবে বলে জানান তিনি।

“এবার অন্যান্য সংগঠনের ন্যায় মহানগর উত্তর ও দক্ষিণ দুটি শাখায় ভাগ করা হয়েছে। কারা এই দুই শাখার কমিটিতে আসছে, তা আগামীকাল সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।”

২০০৩ সালের পর আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি গঠনের পর আর কমিটি হয়নি। তবে এর মধ্যে একবার সম্মেলন হলেও নতুন কমিটি আসেনি।    

২০০৩ সালের ১৮ জুন মোহাম্মদ হানিফকে সভাপতি এবং মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে সাধারণ সম্পাদক করে কমিটি হয়েছিল।

একুশে অগাস্টের গ্রেনেড হামলায় আহত হানিফ ২০০৭ সালে মারা যাওয়ার পর এম এ আজিজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

এরপর ২০১২ সালের ২৭ ডিসেম্বরে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর  নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছিল।

কিন্তু সেই কমিটি আর আসেনি। এর মধ্যে ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ সম্প্রতি মারা যান।

কাউন্সিলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর নতুন কমিটির ঘোষণা আসতে যাচ্ছে রোববার।

পুরনো খবর:

ঢাকা আওয়ামী লীগের নেতা আজিজ মারা গেছেন