২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুকে কটাক্ষকারীরা ‘নব্য রাজাকার’: ইনু

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালিত্ব ‘পুনরাবিষ্কারের’ প্রেরণা হিসেবে অভিহিত করে তাকে কটাক্ষকারীদের ‘পাকিস্তানি ভূত’ ও ‘নব্য রাজাকার’ আখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 07:02 PM

Updated : 12 Apr 2022, 01:47 AM

বৃহস্পতিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “বঙ্গবন্ধু ছিলেন আধুনিক বাঙালি জাতিয়তাবাদের জনক। তিনি ছিলেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। বাঙালিত্ব পুনরাবিষ্কারের প্রেরণা। স্বাধীন বাংলাদেশের স্থপতি, পথপ্রদর্শক।

“যারা বঙ্গবন্ধুকে কটাক্ষ করে তারা বাংলাদেশকে মানে না। তারা দেশবিরোধী, জাতিস্বত্ত্বাবিরোধী, বাঙালি জাতিয়তাবাদের বিরোধী। তারা কার্যকত রাজাকার, পাকিস্তানি ভূত ও নব্য রাজাকার। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।”

বাংলা একাডেমি ও বিশ্ব কবিতা বাংলা পরিষদের যৌথ আয়োজনে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি জাসদ সভাপতি ইনু বলেন, “বাংলাদেশের শয়তান হচ্ছে রাজাকাররা। তাদের থেকে দূরে থেকে মুক্তিযুদ্ধের পথে চলতে হবে। যারা রাজাকারদের হাত ধরে স্বাধীনতা দিবস পালন করে তারাও নব্য রাজাকার। তাদেরকেও বর্জন করতে হবে।”

ইতিহাস চর্চা না করলে নতুন ইতিহাস সৃষ্টি হয় না মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুকে নিয়ে আলোচনা করলে হয়তো আমরা বঙ্গবন্ধু হতে পারবো না; কিন্তু ছোটো ছোটো বঙ্গবন্ধু হতে পারব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম।

কবি অসীম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বেশ কয়েকজন কবি বঙ্গবন্ধুকে নিয়ে স্বরচিত কবিতা ও ছড়া শোনান।