রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে কপ্টার ব্যবহারের পরামর্শ ওসমান ফারুকের
যানজটের কারণে দুই ঘণ্টা দেরিতে একটি আলোচনা সভায় পৌঁছে এজন্য রাষ্ট্র ও সরকারপ্রধানের চলাচলকে দায়ী করেছেন সাবেক মন্ত্রী ওসমান ফারুক।
বুধবার সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে বেলা ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবে ওই আলোচনা সভায় পৌঁছাতে পারেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
সভায় বক্তব্য দিতে উঠে বিলম্বের কারণ ব্যাখ্যায় তিনি বলেন, “গুলশান থেকে জাতীয় প্রেস ক্লাবে আসতে আমার দুই ঘণ্টা লেগেছে। এক অসহনীয় অবস্থা!”
তিনি রাজধানীতে যানজটের অনেক কারণের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলকে দায়ী করে বলেন, “আমি মাননীয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখব, তারা যেন একটা বিকল্প পন্থা বের করেন রাস্তায় চলাচল করার জন্য।
“কারণ তাদের চলাচলে সমস্ত নগর জীবন ব্যতিব্যস্ত হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়। অনেক দেশে হেলিকপ্টার দিয়ে করা হয়, এখানেও হেলিকপ্টার ব্যবহার করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা দিয়ে যাতায়াত করা অসম্ভব কিছু হবে না।”
ওসমান ফারুক যখন বক্তব্য দিচ্ছিলেন তার আগেই সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আর প্রধানমন্ত্রী সকালে রাজধানীর চাঁনখারপুলে দেশের প্রথম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের নির্মাণকাজের উদ্বোধন করতে যান।
জাতীয় প্রেস ক্লাবে ইয়ুথ ফোরামের উদ্যোগে প্রকৌশলী এ কে এম রেজাউল করীমের লেখা ‘নির্বাচিত কলাম’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশের ‘গণতন্ত্র মৃত’ বলে উল্লেখ করেন সাবেক মন্ত্রী ওসমান ফারুক।
“অনেকে বলে দেশে গণতন্ত্র শৃঙ্খলিত। আমি বলি গণতন্ত্র মৃত। যত কথাই সরকার বলুক না কেন, মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতা চলে যাচ্ছে, যেভাবে সংবাদপত্রের স্বাধীনতা চলে যাচ্ছে, সেক্ষেত্রে এদেশে বর্তমান সরকার বেশি সময় থাকলে বোধকরি এদেশ মহা গোরস্থানে পরিণত হবে।”
বিএনপি ‘গণতান্ত্রিক দল’ বলেই ‘সহিংসতা-অনিয়ম-কারচুপি’র পরও ‘গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে’ ইউনিয়ন পরিষদের নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়ার প্রসঙ্গ টেনে ওসমান ফারুক বলেন, “বেগম খালেদা জিয়াকে কোর্টে যেভাবে আমি বলব হয়রানি করা হয়েছে, এই কোর্ট থেকে আরেক কোর্টে, এই ঘর থেকে আরেক ঘরে যান। সম্পূর্ণ বানোয়াট কতগুলো মামলা, যে মামলার কোনো ভিত্তি নেই। হুকুমের আসামিরও একটি সংজ্ঞা রয়েছে। উনি (খালেদা জিয়া) হুকুমের আসামি নন।
“কিন্তু প্রশাসনযন্ত্র, সকল অঙ্গ প্রশাসন আজকে এই সরকারের কুক্ষিগত। যার ফলে ইনসাফ বলে কোনো জিনিস এখানে নেই। বিশেষ করে বিএনপি ও অন্যান্য যারা বিরোধী দল রয়েছে তাদের ওপর তো নেই। তবে এই ব্যবস্থা বেশিদিন চলতে পারে না। চলবে না।”
ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পর্কে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, “নির্বাচনের দিকে তাকিয়ে লজ্জা হয়। আমরা এখনও এ দেশের জনগণ রাজনৈতিক দিক থেকে অনেক সচেতন। প্রতিবেশী ভারতের জনগণের থেকেও সচেতন। তারপরও যার ভোট তিনি যাকে খুশি দিতে পারেন না। এখানে তারা (ভোটার) সেই এখন সুযোগ হারিয়েছে। আগে ছিল।”
সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
