২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য সব পদ ছাড়ছেন ফখরুল

এক ব্যক্তি এক পদ’ চালু করতে নিজের অন্য পদ ‘অতি শিগগিরই’ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির নতুন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2016, 05:20 PM

Updated : 20 Aug 2022, 12:20 PM

মহাসচিব হিসেবে বৃহস্পতিবার নয়া পল্টনে প্রথম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্রের নতুন সংযোজিত এই প্রক্রিয়াটি নিজেই শুরু করবেন তিনি।

ফখরুল বলেন, “এক ব্যক্তি এক পদ- আমি এটা শুরু করবো। আমি ইতোমধ্যে আমার জেলায় ব্যবস্থা নিয়েছি এবং কৃষক দলেও আমি ব্যবস্থা নিচ্ছি। আজকে কাজ শুরু হয়েছে। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। একটু অপেক্ষা করুন।”

ফখরুল দীর্ঘ দিন ধরে জাতীয়তাবাদী কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং নিজ নির্বাচনী জেলা ঠাকুরগাঁওয়ের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

৫ বছর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালনের পর বুধবার তাকে মহাসচিব মনোনীত করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপি বিদ্যমান গঠনতন্ত্র সংশোধন করে আরও বেশি সংখ্যক নেতাদের নেতৃত্বে আনতে ‘এক ব্যক্তি একপদ’ ব্যবস্থা প্রবর্তন করেছে।