দলাদলির কারণে দেশ পিছিয়েছে: এরশাদ
স্বাধীনতার ৪৫ বছরেও বাংলাদেশের কাঙ্ক্ষিত অর্জন না হওয়ার জন্য রাজনৈতিক বিরোধকে দায়ী করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
স্বাধীনতা দিবসে শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “স্বাধীনতার ৪৫ বছর পার হলেও এখনও দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। রাজনৈতিক দলাদলির কারণে দেশ পিছিয়ে পড়েছে।”
জঙ্গিবাদীদের সাম্প্রতিক তৎপরতার বিষয়ে এরশাদ বলেন, “জঙ্গিবাদ শব্দটা আমি বেশি বুঝি না। যা ঘটছে তা সবই সন্ত্রাসী কর্মকাণ্ড। এর সঙ্গে রং লাগিয়ে জঙ্গিবাদ বলা হচ্ছে।”
দলের নেতা-কর্মীদের নিয়ে সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এরশাদ। জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারও এসময় উপস্থিত ছিলেন।
