২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ এগিয়ে যাওয়ায় খালেদার হিংসা: সাহারা খাতুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা দেখে খালেদা জিয়ার ‘হিংসা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সাহারা খাতুন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 12:16 PM

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি বলেন, “প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যার জন্য বেগম খালেদা জিয়ার হিংসা হচ্ছে।”

বিএনপি-জামায়াত ‘বাসে, ট্রেনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে’ মন্তব্য করে সাহারা খাতুন ওই জোটকে প্রতিহত করতে জনগণকে ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন অনেক বছর ধরে দেশকে ‘শাসনের নামে শোষণ’ করেছেন।

“তিনি (খালেদা জিয়া) জামায়াতকে নিয়ে ক্ষমতায় গিয়ে দেশের জনগণ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন করেছেন, হাজার হাজার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন।”

সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার মাসে নেতা-কর্মীদের ‘নতুন করে প্রতিজ্ঞা নেওয়ার’ আহ্বান জানিয়ে সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনী পড়তে বলেন।

বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি ব্যারিস্টার মো. জাকির হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া বক্তব্য দেন।