স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
দলের নয়া পল্টন কার্যালয়ে সোমবার সকালে ভারপ্রাপ্ত মহাসচিব মিরজা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে ২৫ মার্চ রয়েছে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
খালেদা জিয়া দলের নেতাকর্মীদের নিয়ে পরদিন ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সকাল ৭টায় জাতীয় স্মৃতি সৌধ এবং সকাল সাড়ে ৮টায় দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন।
ওইদিন বিকাল তিনটায় নয়া পল্টন কার্যালয় থেকে বের করা হবে স্বাধীনতা দিবসের শোভাযাত্রা।
২৬ মার্চ ভোরে দলের কেন্দ্রীয় ও গুলশান কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে।
কেন্দ্রীয় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো স্বাধীনতা দিবস উপলক্ষে পোস্টার প্রকাশ করবে।
কেন্দ্রীয় কর্মসূচির পাশপাশি জেলা, মহানগর ও উপজেলায় স্থানীয়ভাবে স্বাধীনতা দিবসের কর্মসূচি প্রণয়ন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, আবদুস সালাম, খায়রুল কবীর খোকন, নাজিমউদ্দিন আলম প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
