২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কথায় ‘ষড়যন্ত্রের আভাস’ পাচ্ছেন ওবায়দুল কাদের

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আলোচনার যে নতুন প্রস্তাব তুলেছেন, তাতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 01:44 PM

Updated : 20 Aug 2022, 12:13 PM

তিনি বলেছেন, “তিনি (খালেদা) তো শেখ হাসিনাকেই রাখতে চান না। তাহলে সংলাপ কীভাবে, কার সাথে হবে?”

রোববার ঢাকা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরের এই বক্তব্য আসে।  

শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ষষ্ঠ কাউন্সিলে খালেদা জিয়া নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিটি নতুন করে তুলে ধরেন। সেখানেই তিনি সরকারের প্রতি আলোচনায় আসার আহ্বান জানান।

খালেদা বলেন, “শুধু আমরা নই, প্রায় সকলেই বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক সরকার চায়। এর জন্য যত দ্রুত সম্ভব সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রয়োজন। কীভাবে সকলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে, সে ব্যাপারে সকলের আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছাতে চাই।”

আর কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি ‘শেখ হাসিনাকে বাদ দিয়ে’ নির্বাচন করার কথা বলেন বলে গণমাধ্যমের খবর।  

সেখানে তিনি বলেন, বিএনপি ‘হাসিনা মার্কা’ কোনো নির্বাচনে কখনও অংশ নেবে না। বরং শেখ ‘হাসিনাকে বাদ দিয়েই’ নির্বাচন করা হবে।

খালেদার বক্তব্যের সূত্র ধরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “শেখ হাসিনামুক্ত নির্বাচনে যাবে তারা... আসলে এ কথায় তিনি কী বোঝাতে চেয়েছেন সেটা আমার বোধগম্য নয়। এটাতো গণতন্ত্রের ভাষা নয়, অস্ত্রের ভাষা।”

ওই বক্তব্যকে খালেদা জিয়ার ‘অন্ধ আক্রোশের বহিঃপ্রকাশ’ আখ্যায়িত করে কাদের প্রশ্ন রেখেছেন, “তবে কি উনি আর একটা রক্তাক্ত ১৫ অগাস্ট এর মতো ট্রাজেডি ঘটাতে চান?”

এই আওয়ামী লীগ নেতা বলেন, “নির্বাচন আসলে কে আইনগতভাবে নিষিদ্ধ থাকে সেটা বুঝবে নির্বাচন কমিশন। সেটাতো এখন বলা যায় না। আসলে এর মধ্যে ষড়যন্ত্রের অংশ আছে বলে মনে হয়।”

খালেদা জিয়া ও তারেক রহমানের বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, “প্রকাশ্যে কাউন্সিল করে নেতা নির্বাচন করলে প্রতিদ্বন্দ্বী কেউ থাকতে পারত- এমন সন্দেহ ছিল কী? তার জন্যেই সব কিছু তার হাতে রেখে দিয়েছে? অন্তত সাধারণ সম্পাদক পদটা কাউন্সিলের মাধ্যমে করতে পারত। আসলে বিএনপির মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রাম নাম।”