২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী পেয়ে বিএনপির সাধুবাদ

কাউন্সিলের জন্য রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যহারের অনুমতি দেয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 03:03 PM

Updated : 20 Aug 2022, 12:11 PM

পাশাপাশি শনিবার কাউন্সিল অনুষ্ঠানে সরকারের সহযোগিতা প্রত্যাশা করেছে দলটি।

শুক্রবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে স্থান সংকুলান হবে কি না তা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম। শুরু থেকে আমরা কাউন্সিলের জন্য বিআইসিসি (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসহ) তিন জায়গার আবেদন করলেও সরকার তা নিয়ে গড়িমসি করে।

“যাই হোক শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা অনুযায়ী গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পার্শ্ববর্তী সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। এই অনুমতি দেওয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

ঢাকা মহানগর পুলিশ বৃহস্পতিবার বিকালে বিএনপির কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের একটি অংশ ব্যবহারের অনুমতি দেয়।

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল ঘিরে সারাদেশে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ‘ব্যাপক উসাহ-উদ্দীপনা’ সৃষ্টি হয়েছে বলে দাবি করেন রিজভী।

কাউন্সিলের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে জানিয়ে তিনি বলেন, “সরকারের তরফ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ না হলে কাউন্সিলে কোনো প্রকার বাঁধা আসবে না বলে আমরা জোরালোভাবে বিশ্বাস করি।

“আগামীকালের কাউন্সিলে কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

Image
রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

এই কাউন্সিলের মধ্য দিয়ে দল নতুন উদ্যমে ‘জেগে উঠবে’ বলে প্রত্যাশা রিজভীর।

তিনি বলেন, “ভঙ্গুর গণতন্ত্রের এই দেশে জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে দেশের সংগ্রামী মানুষ আজ যে ঐক্যবদ্ধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যে আস্থাশীল তা ইতোমধ্যে প্রতিফলিত হয়েছে।

“আগামীকাল বিএনপির যে কাউন্সিল হতে যাচ্ছে, তার মাধ্যমে বিএনপি আরও একধাপ শক্তিশালী হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখবে।”

প্রত্যাশা পুরণে এই কাউন্সিলের একটি ‘যুগান্তকারী’ রাজনৈতিক ঘটনা হিসেবে ইতিহাসে স্থান পাবে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী জানান, সারা দেশ থেকে কাউন্সিলর ও প্রতিনিধিরা ঢাকায় পৌঁছে গেছেন। তারা নয়া পল্টনের কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সানাউল্লাহ মিয়া, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, কাজী আবুল বাশার, শিরিন সুলতানা, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ, মাসুদ অরুন প্রমুখ ছিলেন।