খালেদার জায়গায় অন্য কেউ আসবে, আশা হাছানের
বিএনপির জাতীয় কাউন্সিলে নেতাকর্মীরা দলীয় প্রধান খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে বাদ দিয়ে নতুন নেতৃত্ব নির্বাচন করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি বলেন, “ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিএনপির যে কাউন্সিল হতে যাচ্ছে সেখানে নতুন নেতৃত্ব আসবে বলে আমরা আশা করছি। যে হাতে রক্তের দাগ, পোড়া মানুষের গন্ধ কাউন্সিল তাকে নেতৃত্ব থেকে বিদায় দেবে।”
বিএনপির আবেদনে সাড়া দিয়ে সরকার সোহরাওয়ার্দী উদ্যানে তাদের কাউন্সিল করার অনুমতি দিলেও ‘লোক সমাগম না হওয়ার ভয়ে’ দলটি সেখানে কাউন্সিল করছে না বলে দাবি করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
“বিএনপির অভিযোগ সরকার তাদের কাউন্সিলের জন্য জায়গা দেয় না। ঢাকার সবচেয়ে বড় স্থান সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা বরাদ্দ দেওয়া হয়েছিল, কিন্তু বিএনপির তা পছন্দ হয় নি। সেখানে লক্ষাধিক মানুষের সমাগম করার ক্ষমতা বিএনপির নেই। এজন্যই ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট,” বলেন তিনি।
কাউন্সিলের দুই সপ্তাহ আগে দলের ‘চেয়ারপারসন’ ও ‘জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান’ পদে মনোনয়নপত্র বিতরণের
সমালোচন করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, “সারা দেশের নেতাকর্মীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে খালেদা জিয়া ও তারেক রহমানকে সরে দাঁড়াতে হবে- এই চিন্তায় তড়িঘড়ি করে তারা চোরা পথে নেতা নির্বাচনের পথ বেছে নিয়েছে।”
আগামী ১৯ মার্চ ষষ্ঠ জাতীয় কাউন্সিল সামনে রেখে ওই দুই পদের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে, যেখানে খালেদা জিয়া ও তারেক রহমানের কোনো প্রতিদ্বন্দ্বী পাওয়া যায়নি।
বিএনপি ও জামায়াতে ইসলামী ‘একই বৃন্তে দুটি ফুল’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, “যারা পাকিস্তানের পতাকার জন্য যুদ্ধ করেছিল, বেগম জিয়া তাদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে দেশের পতাকা তুলে দিয়েছে।”
‘যুদ্ধাপরাধীদের সহযোগী’ হিসেবে বিএনপি নেতাদের বিচার দাবি করেন তিনি।
বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জাকির আহমেদ। এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, এম এ করিম।
