কাউন্সিল করে মাঠে নামতে চায় বিএনপি: হাফিজ
বিএনপির সামর্থ্য নিয়ে যারা তুচ্ছ-তাচ্ছিল্য করছেন, কাউন্সিলের পর রাজপথে নেমে তাদের জবাব দেবেন বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ।
তিনি শনিবার এক আলোচনা সভায় বলেছেন, “অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে যে বিএনপির মাঠে নামার ক্ষমতা নেই, বিএনপির কোনো শক্তি নেই, কোমরে জোর নেই।
“আমরা যারা এখানে আছি, আমরা কোনো পদ-পদবির লোভে না গিয়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে মাঠে নামতে চাই। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে চাই।”
আওয়ামী লীগের শাসনে বর্তমান দেশে ‘দুঃসহ পরিস্থিতি’ চলছে দাবি করে তা থেকে উত্তরণে খালেদা জিয়ার নেতৃত্বে কাউন্সিলের পর বিএনপি আন্দোলনে নামবে বলে জানান তিনি।
দশম সংসদ নির্বাচন বয়কটের পর টানা হরতাল-অবরোধ চালিয়েও সরকারের পতন ঘটাতে ব্যর্থ হওয়ায় বিএনপির আন্দোলনের সামর্থ্য নিয়ে সংশয় প্রকাশ করছেন আওয়ামী লীগ নেতারা।
সরকারের সমালোচনা করে হাফিজ বলেন, সারাদেশে বর্তমানে ‘লুণ্ঠনতন্ত্র’ চলছে, এটিএম কার্ড জালিয়াতিতেও ক্ষমতাসীন দলের নেতাদের নাম আসছে।
গ্রেপ্তার বিদেশি নাগরিক পিওতর রিমান্ডে ক্ষমতাসীন দলের নেতাদের সংশ্লিষ্টতার বিষয়ে মুখ খুলেছেন বলে দাবি করেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ
বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলেও বাধা দেওয়ার অভিযোগ করেন দলটির ভাইস চেয়ারম্যান হাফিজ।
“দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি, তার কাউন্সিল করার জন্য এত বড় ঢাকা শহরে স্থান দেওয়া হচ্ছে না। পদে পদে বাধাগ্রস্ত হচ্ছি আমরা।”
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীনদের পক্ষে নির্বাচন কমিশন কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি।
“১১৪ জন বিএনপপি প্রার্থী মনোনয়নপত্রই জমা দিতে পারেনি কিংবা তাদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে।”
জাতীয় প্রেস ক্লাবে জিয়া নাগরিক ফোরাম-জিনাফ আয়োজিত এ্ আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কে এ জামান বক্তব্য রাখেন।
