পিলখানা বিদ্রোহের বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির
সাত বছর আগে সীমান্তরক্ষী বাহিনীর সদরদপ্তরে বিদ্রোহ ও হত্যাকাণ্ডের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি।
সাবেক এ সেনা প্রধান সাংবাদিকদের বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের বিচার দীর্ঘ সময় ধরে হচ্ছে, বিচারের নামে প্রহসনও চলছে। সুষ্ঠু বিচার হচ্ছে না। প্রকৃত হত্যাকারী ও ষড়যন্ত্রকারীরা রহস্যময় থেকে গেছে। তাই আমরা বিডিআর বিদ্রোহের প্রকৃত রহস্য উন্মোচনে বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি।”
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। ওই বিদ্রোহ আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলে।
রক্তাক্ত সেই বিদ্রোহের পর সীমান্তরক্ষা বাহিনী বিডিআরের নাম বদলে যায়, পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম এখন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
বিডিআর বিদ্রোহের ৫৭টি মামলায় ছয় হাজারেরও বেশি আসামির মধ্যে ৫ হাজার ৯২৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। আর হত্যা ও লুটপাটের মামলায় ৮২৪ আসামির মধ্যে ১৫২ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে আদালত বলে, সামরিক নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করার ‘মোটিভ’ নিয়ে ওই বিদ্রোহের ঘটনা ঘটানো হয়েছিল। দেশের ‘অর্থনৈতিক মেরুদণ্ড’ দুর্বল করাও এর একটি উদ্দেশ্য হয়ে থাকতে পারে।
আওয়ামী লীগ নেতারা ওই বিদ্রোহের পেছনে বিএনপিনেত্রীর ইন্ধনের অভিযোগ করে এলেও বিএনপিও পাল্টায় একই ধরনের অভিযোগ করে আসছেন।
২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শোক দিবস’ ঘোষণার আহবান জানিয়ে মাহবুবুর রহমান বলেন, “এই হত্যাকাণ্ডে আমাদের সেনাবাহিনী ও দেশের অনেক বড় ক্ষতি হয়েছে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাবেক সেনা কর্মকর্তা মনিরুজ্জামান, মনিষ দেওয়ান, মিজানুর রহমান, মো. হানিফ, সারোয়ার হোসেন, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ সময় উপস্থিত ছিলেন।
