২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাউন্সিলে প্রচার-প্রচারণা চালাতে দুই সিটি মেয়রকে বিএনপির চিঠি

জায়গা এখনও ঠিক না হলেও দলের দলের জাতীয় কাউন্সিলকে সামনে রেখে রাজধানীতে প্রচার-প্রচারণার অনুমতি চেয়ে দুই সিটি করপোরেশনের মেয়রের কাছে চিঠি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 03:58 PM

Updated : 20 Aug 2022, 11:57 AM

বুধবার সকালে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রিজভী বলেন, “ঢাকা মহানগরীতে প্রচার-প্রচারণার জন্য সড়ক-মহাসড়কের বিভাজক, লাইটপোস্ট ও সড়কদ্বীপে ফেস্টুন টাঙানোর জন্য অনুমতি পেতে সিটি করপোরেশন উত্তর ও দক্ষিণ মেয়রদের বরাবর আবেদন করা হয়েছে।”

আগামী ১৯ মার্চে হতে যাওয়া দলের এই জাতীয় কাউন্সিলের স্থান এখনও ঠিক না হলেও কাউন্সিল সফল করতে উপকমিটিগুলো কাজ করে যাচ্ছে বলে জানান এই বিএনপি নেতা।

“কাউন্সিলকে কেন্দ্র করে গঠিত উপ-কমিটিগুলো পুরোদমে কাজ শুরু করেছে। প্রচার ও ব্যবস্থাপনা উপকমিটি, শৃঙ্খলা ও সেবা উপকমিটি, ড্রাফটিং উপ-কমিটি, প্রকাশনা উপ-কমিটি সভা করে দায়িত্ব ভাগ করে দিয়েছে।”

ষষ্ঠ ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলের জন্য ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তন- এই তিন জায়গার জন্য অনুমতি চেয়ে গত জানুয়ারির শেষ দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় বিএনপি।

এর বাইরে বসুন্ধরা কনভেনশন সেন্টার বিএনপি নেতাদের পছন্দে থাকলেও সেখানে রাজনৈতিক দলকে ভাড়া না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। 

আর ওই তিন জায়গার মধ্যে কেবল গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর সোহরাওয়ার্দী উদ্যানের কাউন্সিল করার ক্ষেত্রে পুলিশের অনুমতি সাপেক্ষে কোনো আপত্তি নেই বলে বিএনপিকে জানিয়ে দেয়।

তবে বিএনপি নেতা রিজভী জানান, মহানগর পুলিশের কাছে এ বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি।

সর্বশেষ বিএনপি ২০০৯ সালের ৮ ডিসেম্বের পঞ্চম জাতীয় কাউন্সিল করেছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

পুরনো খবর:

দলের কাউন্সিল এড়িয়ে যেতেই সরকারকে দোষারোপে খালেদা: হাছান
বিএনপির কাউন্সিলে তারেকের পদেও নির্বাচন হবে