দলের কাউন্সিল এড়িয়ে যেতেই সরকারকে দোষারোপে খালেদা: হাছান
বিএনপিকে কাউন্সিলের জন্য জায়গা দেওয়া হচ্ছে না বলে খালেদা জিয়ার অভিযোগের জবাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, কাউন্সিল করা নিয়ে বিএনপি নেত্রী নিজেই সংশয়ে থাকায় সরকারকে দোষারোপ করছেন।
শুক্রবার দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় তিনি বলেন, “আসলে খালেদা জিয়া কাউন্সিল নিয়ে সংশয়ের মধ্যে আছেন। কাউন্সিল হলে যদি তার বিদ্রোহী কর্মীরা আন্দোলন শুরু করে দেয়, সেই ভয়ে আছেন তিনি।
“আর এ ভয় থেকেই সরকারকে দোষারোপ করছেন। দলের কাউন্সিল এড়িয়ে যাবার জন্যই খালেদা জিয়া সরকারকে দোষারোপ করছে।”
বিএনপির দলীয় কাউন্সিলকে স্বাগত জানিয়ে এর মধ্যে দিয়ে দলটি ‘জঙ্গি ও সন্ত্রাসের নেতৃত্ব’ থেকে বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন সাবেক মন্ত্রী হাছান মাহমুদ।
আগামী ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ ত্রিবার্ষিক জাতীয় কাউন্সিলের জন্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান, রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অনুমতি চেয়ে আবেদন করা হলেও এখনও তাতে সাড়া মেলেনি।
এর বাইরে বসুন্ধরা কনভেনশন সেন্টার বিএনপি নেতাদের পছন্দে থাকলেও সেখানে রাজনৈতিক দলকে ভাড়া না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
এ প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে এক সভায় কাউন্সিলের জন্য বিএনপিকে জায়গা দেওয়া হচ্ছে না অভিযোগ করে বিএনপি চেয়ারপারসন খালেদা বলেন, “কাউন্সিলের জায়গাও দিচ্ছে না। পত্রিকায় দেখি তারা (আওয়ামী লীগ নেতারা) বলে যে, বিএনপির কাউন্সিলে বাধা দেওয়া হবে না। বাধা দেওয়া হবে না-সেটা মুখে বলছে। আমি তো বলি, বিএনপির কাউন্সিলে বাধাও দেওয়া হবে না, জায়গাও দেওয়া হবে না
বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি’র ছাত্র ফ্রন্ট গঠন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ওই আলোচনা সভায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে পদত্যাগের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ বলেন, “ভুল যখন স্বীকার করেছেন, এবার দয়া করে পদত্যাগ করুন।
“আমাদের দেশে তথ্য যাচাই বাছাই না করেই অনেক সময় সংবাদ প্রকাশ করা হয়; সেটি যখন ভুল প্রমাণিত হয় তখন মামলা হলে নানান রকমের কথা ওঠে।”
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ডিজিএফআইয়ের দেওয়া আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি খবর যাচাই-বাছাই ছাড়াই প্রকাশ করে ডেইলি স্টার। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে মাহফুজ আনাম স্বীকার করার পর বিভিন্ন জেলায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামে বিরুদ্ধে কয়েকডজন মামলা করা হয়।
সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে হাছান মাহমুদ বলেন, “একই সাথে যেন কোনও ব্যক্তির মানহানি না হয়, সে দিকেও সচেতন থাকতে হবে।”
ইউনাইটেড ইসলামী পার্টি’র ছাত্র ফ্রন্ট গঠনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে ছাত্র রাজনীতির ইতিহাস গৌরব উজ্জ্বল। কিন্তু বর্তমানে ছাত্ররা রাজনীতির আদর্শের জায়গা থেকে সরে গেছে।
“আজকে যে ছাত্র ফ্রন্টের শুভ সূচনা হতে যাচ্ছে, আশা করব- তারা লেজুড়বৃত্তির রাজনীতি পরিহার করে আদর্শের পথে থাকবে।’
সংগঠনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান মোহম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামানসহ অন্যরা বক্তব্য রাখেন।
