২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অগাস্ট মামলায় জবানবন্দি দিলেন নতুন ৬ সাক্ষী

একুশে অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় অভিযোগপত্রের বাইরে রাষ্ট্রপক্ষের ২০ সাক্ষীর মধ্যে আরও ৬ জনের জবানবন্দি নিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2016, 07:08 PM

Updated : 20 Aug 2022, 11:55 AM

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন মঙ্গলবার তাদের জবানবন্দি গ্রহণ করেন।

এ নিয়ে মামলায় নতুন ২০ সাক্ষীর মধ্যে নয়জনের জবানবন্দি গ্রহণ করা হলো বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ট্রাইব্যুনালের সাঁটলিপিকার ওয়ালিউল ইসলাম বাদল।

মঙ্গলবার যাদের সাক্ষ্য নেওয়া হয়েছে তারা হলেন- সাতক্ষীরার আবুল বাশার ও আবদুর রশীদ, ঝিনাইদহের ট্রফি বিশ্বাস ও তোতা  মিয়া, নরসিংদীর সাজ্জাদ হোসেন এবং এসআই রফিকুল ইসলাম।

প্রথম দুই জনের সামনে ৪১টি, পরের দুইজনের সামনে ১৫টি এবং নরসিংদী থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়।

আগামী ২ মার্চ পরবর্তী সাক্ষীদের জবানবন্দি শোনার জন্য বিচারক দিন রেখেছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, একুশে অগাস্টের গ্রেনেড হামলার দুই মামলায় এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষে ২১৭ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।

এর আগে আলোচিত একুশে অগাস্ট গ্রেনেড হামলার এ মামলায় রাষ্ট্রপক্ষের আবেদনে সাড়া দিয়ে অভিযোগপত্রের বাইরে আরও ২০ জনের সাক্ষ্য নেওয়ার বিষয়টি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুমোদন করে আদালত।

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জনের মৃত্যু হয়। আহত হন কয়েকশ নেতাকর্মী। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও হামলায় আহত হয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

পুরনো খবর:

একুশে অগাস্ট মামলায় সাক্ষ্য দিলেন নতুন ২ সাক্ষী