মাহফুজ আনামের পাশে হাফিজ
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের পক্ষে দাঁড়িয়ে তাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডিজিএফআইয়ের ‘সরবরাহ করা’ শেখ হাসিনার ‘দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশ করার ‘ভুল’ মাহফুজ আনাম স্বীকারের পর তা নিয়ে আলোচনা চলছে; অনেকগুলো মামলাও হয়েছে তার বিরুদ্ধে।
এর মধ্যে সোমবার এক সভায় প্রধানমন্ত্রী ওই প্রসঙ্গ তুলে ভুলের দায় নিয়ে সম্পাদক মাহফুজ আনামের পদত্যাগ করা উচিৎ বলে মন্তব্য করেন।
সেইসঙ্গে জরুরি অবস্থার সময় দুই নেত্রীকে রাজনীতি থেকে বিতাড়িত করতে পরিকল্পিত ‘মাইনাস টু ফর্মুলা’ ‘বাস্তবায়নচেষ্টার সহায়ক ভূমিকায়’ থাকা ডেইলি স্টার ও প্রথম আলোর সমালোচনা করেন তিনি।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের এক আলোচনায় সম্পাদকদের নিয়ে প্রধানমন্ত্রীর ওই বক্তব্যের সমালোচনা করেন জরুরি অবস্থার সময় বিএনপির ‘সংস্কারপন্থি’ অংশের মহাসচিবের দায়িত্ব নেওয়া সাবেক সেনা কর্মকর্তা হাফিজ।
তিনি বলেন, “গতকালকেই দুজন সম্পাদকের বিরুদ্ধে অনেক বক্তব্য শুনলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। সব সংবাদপত্রেই সংবাদগুলো প্রকাশিত হয়েছে। একমাত্র মুক্তিযোদ্ধা মাহফুজ আনাম, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, ভুল স্বীকার করেছেন, অন্যরা তো করেননি।”
“সম্পাদকদের বিরুদ্ধে বলেছেন কারণ এটি তাদের পুরনো অভ্যাস, বাকশালী অভ্যাস। সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন, আবার তারা বন্ধ করে দেওয়ার পাঁয়তারা করছেন,” বলেন তিনি।
ডেইলি স্টার-প্রথম আলোর সম্পাদকদের পক্ষে হাফিজের স্পষ্ট বক্তব্য এলেও এদিন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভীর কাছে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি নীরব থাকেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে খালেদা জিয়াকে পাশ কাটিয়ে সাইফুর রহমান ও হাফিজের নেতৃত্বে যখন আলাদা কমিটি নিয়ে বিএনপির একটি অংশ যখন চলছিল, তখন রিজভী ছিলেন খালেদা জিয়া মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সঙ্গে।
বিএনপি চেয়ারপারসন খালেদা গ্রেপ্তার হওয়ার আগে ‘সংস্কারপন্থি’ মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে ওই দায়িত্ব খোন্দকার দেলোয়ারকে দিয়েছিলেন।
রিজভী সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডেইলি স্টারে সম্প্রতি জিয়াউর রহমানকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে সংবাদপত্রটির সমালোচনা করতে গিয়ে জরুরি অবস্থার সময় এর ভূমিকার প্রসঙ্গও টেনেছিলেন।
‘শেখ সেলিম-কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা কই’
জরুরি অবস্থার সময় প্রথম আলো-ডেইলি স্টারসহ বিভিন্ন সংবাদপত্রে যাদের ‘স্বীকারোক্তি’ উদ্ধৃত করে শেখ হাসিনার ‘দুর্নীতির’ খবর ছাপা হয়েছিল, আওয়ামী লীগের সেই নেতাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার সমালোচনা করেছেন বিএনপি নেতা হাফিজ।
জাতীয় প্রেস ক্লাবের আলোচনা সভায় তিনি বলেন, “ওই সময়ে আওয়ামী লীগের শেখ ফজলুল করীম সেলিম, তাদের সাধারণ সম্পাদক আবদুল জলিল (প্রয়াত), ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতৃবৃন্দ মারাত্মক কথা বলেছেন।
“কই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা তো বললেন না প্রধানমন্ত্রী।”
দুই সম্পাদকের দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা সোমবারের অনুষ্ঠানে বলেছেন, সংবিধান ‘ধ্বংসকারীদের’ বিচারও হবে।
বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ বলেন, “দেশে আজ গণতন্ত্র নেই। পরমত সহিষ্ণুতা নেই, আইনের শাসন নেই।”
সাবেক এই পানিসম্পদমন্ত্রী বলেন, “আমাদের প্রধানমন্ত্রীকে জাতিসংঘের পানি প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি কী নিজের দেশের পানি প্রতিবেশী রাষ্ট্রকে অবাধে দিয়ে দেওয়ার জন্য? নিজের কৃষককে বঞ্চিত করে প্রতিবেশী দেশের কৃষককে সমৃদ্ধ করার জন্য?
“বাংলাদেশে সঙ্গে প্রতিবেশী দেশের কোনো শত্রুতা নেই, সমস্যা রয়েছে। প্রধান সমস্যা পানি সমস্যা। কিন্তু এদেশে প্রধানমন্ত্রী ও পানিমন্ত্রীর মুখে আমাদের পানি সমস্যার কথা শুনি না। পদ্মা নদীতে, তিস্তা নদীতে কেন পানি নেই?”
