আমরা চাই বিএনপি শক্তিশালী হোক: নাসিম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারণেই দলটি সাংগঠনিকভাবে ‘বিপর্যস্ত’ মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপিকে শক্তিশালী দল হিসেবে দেখতে চান তারা।
শুক্রবার ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রয়াত ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণে আয়োজিত এক সভায় তিনি বলেন, “বিএনপি আজ সাংগঠনিকভাবে বিপর্যস্ত, এর জন্য খালেদা নিজেই দায়ী। আমরা চাই বিএনপি শক্তিশালী হোক।
“রাজনীতির মাঠে হোক আর নির্বাচনের মাঠেই হোক, আমরা তাদের সাথে লড়াই করতে চাই। কারণ রাজনৈতিক দল ছাড়া রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে না। কিন্তু খালেদার ভুলে বিএনপি সংসদেও আসন হারিয়েছে।”
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এই সভায় বিএনপিকে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমস্ত্রী।
নাসিম বলেন, “ইউরোপীয় ইউনিয়নও নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত হতে বলে গেছে। আমরাও বলি ২০১৯ সালের জন্য প্রস্তুত হোন।”
নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে ‘আপত্তি নেই’ মন্তব্য করে এজন্য বিএনপিকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা।
“শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে কারো আপত্তি নেই। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সামনে এজন্য আলোচনা হয়েছিল, সেখানে খালেদাও ছিলেন। সে অনুযায়ী নির্বাচন হচ্ছে। তাতে আমরা যেমন জিতছি, তেমন হারছি।
“শেখ হাসিনা উদার রাজনীতি করেন, তার নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী করব। আপনারা প্রস্তাব দিচ্ছেন না কেন? সবার সাথে আলোচনা করেই পরবর্তী নির্বাচন কমিশন আরও শক্তিশালী করা হবে।”
৫ জানুয়ারি নির্বাচনকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তাতে অংশ না নেওয়া বিএনপি বরাবরাই বর্তমান সরকারকেও ‘অবৈধ’ বলে আসছে।
নাসিম এসব বক্তব্যের সমালোচনা করে বলেন, “আপনারা আমাদের অবৈধ বলেন, আর সে অবৈধ সরকারের অধীনেই ইউপি নির্বাচন করছেন ধানের শীষ প্রতীকে। তাই আপনাদের কাজেই আপনাদের কথা মূল্যহীন ও গুরুত্বহীন হয়ে গেছে।”
খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আপনি (খালেদা) মিথ্যা, অসত্য ও যুক্তিহীন কথা বলে মাঠ গরম করছেন। এতে আপনি নেতৃত্বের যোগ্যতা হারাচ্ছেন।
“নির্বাচনে যখন আসছেন, তখন বৈধ বা অবৈধ বলে লাভ হবে না। এতে জনগণ হাসে, তামাশা করে আপনাকে নিয়ে। এতে আপনার দলকে ও নিজেকে দুর্বল করছেন আপনি।”
বিএনপি ‘একের পর এক অযৌক্তিক ও পরিপূর্ণভাবে মিথ্যাচার’ বিদেশিদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য নাসিম।
আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু ও সাম্যবাদী দলের হারুন চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।
