সংকটে শুধু বিএনপি নয়, অন্যরাও: ফখরুল
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একের পর এক মামলার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবাদপত্রে শুধু তার দলের খবর এলেও মুক্ত চিন্তা প্রকাশই এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
কারাবন্দি গাজীপুরের মেয়র এম এ মান্নানের মুক্তি দাবিতে বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “প্রচণ্ড ভয়াবহ দুর্যোগ ও সংকটে রয়েছে দেশ। পত্রিকায় লেখা হয় বিএনপির সংকট, কিন্তু এই সংকট কেবল বিএনপির নয়।
“মাহফুজ আনামের বিরুদ্ধে যখন ৩৭টি মামলা হয় তখন প্রমাণিত হয়, সংকট বিএনপির নয়, সংকট মু্ক্তচিন্তার।”
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল দাবি করে গত ৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে ডেইলি স্টারে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’।
মাহফুজ আনামের এই স্বীকারোক্তির পর ঢাকাসহ বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে আদালতে মামলা করা শুরু হয়। মঙ্গলবার পর্যন্ত মামলা হয়েছে প্রায় চার ডজন।
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বক্তব্যে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মামলাকে বিএনপি নেতাদের বর্তমান অবস্থার ‘সমধর্মী’ বলেন ফখরুল।
“এ সংকট সত্য কথা বলার সংকট। এখানে সংকটটা গভীরতর। কেবল অধ্যাপক এম এ মান্নানের প্রশ্ন জড়িত নয়, এখানে এম কে আনোয়ার বা আব্দুস সালাম পিন্টু নয়, মাহমুদুর রহমান বা শওকত মাহমুদের প্রশ্ন জড়িত নয়- সমগ্র মানুষের অধিকার আদায়ের প্রশ্ন জড়িত। সমগ্র মানুষের বেঁচে থাকার প্রশ্ন জড়িত।”
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার প্রসঙ্গ তুলে এই বিএনপি নেতা বলেন, “সমালোচনা করতে গেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।
“যার (খালেদা জিয়া) স্বামী মুক্তিযুদ্ধের ঘোষক, যার ভাই মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।”
