২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের মুক্তি দাবি খালেদার

মাহমুদুর রহমানকে ‘অন্যায়ভাবে’ বন্দি রাখা হচ্ছে অভিযোগ করে তার মুক্তি দাবি করেছেন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2016, 09:57 PM

Updated : 20 Aug 2022, 11:52 AM

বিভিন্ন মামলায় জামিনের পর মুক্তির আগে আরেকটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর প্রতিক্রিয়ায় মঙ্গলবার এক বিবৃতিতে এই দাবি করেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তার উপদেষ্টা ছিলেন প্রকৌশলী মাহমুদুর। এরপর দৈনিক আমার দেশের মালিকানা কিনে ভারপ্রাপ্ত সম্পাদক হন তিনি।

আমার দেশে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে মাহমুদুর রহমানের বিরুদ্ধে অন্তত ৭০টি মামলা রয়েছে।

যে মামলায় ২০১১ সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, সেই তথ্য প্রযুক্তি আইনের মামলায় রোববার সুপ্রিম কোর্ট তাকে জামিন দেওয়ার পরপরই নাশকতার একটি মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখালে মুক্তি আটকে যায়।

এতে ক্ষোভ প্রকাশ করে খালেদা বলেন, “আমি এই ন্যক্কারজনক ও নির্লজ্জ নিপীড়নের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একজন সাহসী সম্পাদককে যে কোনো মূল্যে আটক রাখার অপপ্রয়াসের নিন্দা জানাচ্ছি।

“সর্বোচ্চ আদালত থেকে সর্বশেষ মামলায় জামিন মঞ্জুরের পর মাহমুদুর রহমানকে আরেকটি মামলায় জড়িয়ে শোন এরেস্ট দেখানোর পদক্ষেপ ধৃষ্টতামূলক ও আদালত অবমাননার শামিল বলে আমি মনে করি।”

মাহমুদুর রহমানের পাশাপাশি বিএনপি সমর্থিত সাংবাদিক ইউনিয়ন নেতা শওকত মাহমুদের মুক্তির দাবিও জানান খালেদা।

আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মুক্তমত প্রকাশের বাধা দেওয়ার অভিযোগ তুলে বিএনপি চেয়ারপারসন বলেন, “হামলা-মামলাসহ নানামুখী ভয়ভীতি দেখিয়ে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এভাবে শাসক মহল তাদের অপকর্ম ও গণবিচ্ছিন্নতা আড়াল করে রাখতে চায়।”