২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুল স্বীকারের পর মাহফুজ আনাম কী করবেন, অপেক্ষায় হানিফ

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ‘ডিজিএফআইয়ের দেওয়া খবর’ যাচাই ছাড়া প্রকাশের ‘ভুল’ স্বীকারের পর তা দায় নিয়ে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম কী করবেন, তা দেখার অপেক্ষায় আছেন আওয়ামী লীগ নেতা মাহাবুব-উল আলম হানিফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2016, 07:02 PM

Updated : 20 Aug 2022, 11:48 AM

মাহফুজ আনামকে সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান সংসদে ওঠার পরদিন সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে নিজের এই অপেক্ষার কথা জানান ক্ষমতাসীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক।

হানিফ বলেন, “সম্পাদক সাহেব তার এই ভুল স্বীকার করে নৈতিকতার জায়গা থেকে এখন কী করবেন, সেটা জাতি দেখার অপেক্ষায় আছে।

“যিনি এত বড় একটা সম্পাদকের দায়িত্ব পালন করেন, দেশের এক গুরুত্বপূর্ণ ব্যক্তির চরিত্র হনন করে এধরনের মিথ্যা গল্প কাহিনী প্রকাশ করে দেশের যে কী ক্ষতি করেছেন! সে দায়ভার নিয়ে উনি উনার নৈতিকতার কী পরিচয় দেবেন, জাতি সেই অপেক্ষায় আছে।”

সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ‘ডিজিএফআইয়ের সরবরাহ করা’ ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’ যাচাই ছাড়া প্রকাশের ‘ভুল’ সম্প্রতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্বীকার করার পর তা নিয়ে আলোচনা চলছে।

প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয় রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার গ্রেপ্তার দাবি করেন। সংসদে রোববার মাহফুজ আনামকে গ্রেপ্তার ও বিচারের দাবিও ওঠে।

হানিফ বলেন, “উনি নিজেই বলেছেন ১/১১ এর পরে মিথ্যা কল্পকাহিনী দিয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা কল্প কাহিনী ছাপিয়ে ছিলেন বা তাকে ছাপাতে তাকে বাধ্য হতে হয়েছে।

“ওই সময়ে জননেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়েছিল। এগার মাস তাকে কারাবরণ করতে হয়েছিল কোনো যৌক্তিক কারণ ছাড়াই, অন্যায়ভাবে। আজকে সেটা প্রমাণ হয়েছে সম্পাদকের কথায়।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোজাফ্ফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘বীরঙ্গনা আত্মকথন’ প্রামাণ্য গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে হানিফ একথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুস সালাম ও শিল্পী বেগম রচিত এই গ্রন্থ প্রকাশের অনুষ্ঠানটি আয়োজন করে ৭১ প্রকাশনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, অধ্যাপক এম এম আকাশ ও মুক্তিযু্দ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, “বীরাঙ্গনা নারীরা শুধু যুদ্ধের সময় নয় মাসই নির্যাতিত হয়নি, বরং যুদ্ধের পরও তারা অপমানিত ও নির্যাতিত হয়েছে।”

স্বাধীনতার পর বীরঙ্গনাদের পুনর্বাসনে বঙ্গবন্ধু যে উদ্যোগ নিয়েছিলেন, জিয়াউর রহমানের শাসনামলে তা বন্ধ করে দেওয়ার উল্লেখ করে হানিফ বলেন, “জিয়া ছিলেন পাকিস্তানিদের এজেন্ট।”

একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর ‘কর্নেল আসলামের’ সঙ্গে জিয়ার চিঠি চালাচালি ছিল বলেও দাবি করে আওয়ামী লীগের এই নেতা।

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার বিতর্ক সৃষ্টিকেও ‘সুগভীর ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেন হানিফ।

“আজ স্বাধীনতার ৪৪ বছর পর এসে সেই জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন। কিন্তু তিনি ক্ষমতায় থাকাকালীন এই বিষয়ে কখনো কোনো কথা বলেননি।”

তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টির এসব চেষ্টা বন্ধ হয়ে যাবে বলে মনে করেন হানিফ।