২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অনুষ্ঠানে আমন্ত্রণ খালেদাকে, যাওয়া অনিশ্চিত

খালেদা জিয়া ভারতে একটি আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছে বিএনপি। তবে তার যাওয়া অনিশ্চিত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2016, 01:26 AM

Updated : 20 Aug 2022, 11:46 AM

আগামী ১২-১৩ মার্চ নয়া দিল্লিতে ‘গ্লোবাল লিডারশিপ ফোরাম’ এ এই সেমিনার হচ্ছে।

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মার্চের তৃতীয় সপ্তাহে বিএনপির জাতীয় কাউন্সিলের সময়সূচি ঠিক হওয়ায় বিএনপি চেয়ারপারসনের ওই সেমিনারে অংশ নেওয়ার সম্ভাবনা কম বলে দলটির একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

বিএনপি নেতারা জানান, সেমিনারের অভ্যর্থনা কমিটির কো-চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান স্বাক্ষরিত এই আমন্ত্রণপত্রটি গত মাসের শেষ দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসে।

২০১২ সালের অক্টোবরে ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দিল্লি সফরে গিয়েছিলেন খালেদা। তারপর ভারতে আর যাননি তিনি।

বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার পেছনে ভারতের ‘মদদ’ রয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করে আসছেন।