খালেদা-তারেককে ‘বাদ দেওয়ার’ পরামর্শ হাছানের
মার্চে বিএনপির কাউন্সিলে খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে দশ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটিকে পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ।
রোববার শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “কাউন্সিলকে সামনে রেখে যাদের হাতে মানুষের রক্ত লেগে আছে, পোড়া মানুষের গন্ধ, তাদের দল থেকে বাদ দিয়ে দিন।
“আপনাদের শীর্ষ নেতা খালেদা জিয়ার হাতে মানুষের রক্ত, পোড়া মানুষের গন্ধ, অপর শীর্ষ নেতা তারেক রহমান লন্ডনে বসে বিভ্রান্তিকর পরামর্শ দিয়ে দলকে ধ্বংস করছে। তাদের দল থেকে বাদ দিন। নেতৃত্ব পরিবর্তন করুন।”
খালেদার ‘অপরাজনীতির’ কারণে দল ও পরিবারের মধ্যে শুরু হওয়া ভাঙ্গন ঠেকাতে জনগণের কাছে ক্ষমা চেয়ে অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে বিএনপি নেতৃত্বকে আহ্বান জানান তিনি।
ঊনসত্তুরের গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ আলোচনা সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে শনিবার গণমাধ্যমে খালেদা জিয়ার পাঠানো বিবৃতির সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খালেদা জিয়া গণমাধ্যমে যে বিবৃতি পাঠিয়েছেন, সেখানে কিজন্য গণঅভ্যুত্থান, কার জন্য গণঅভ্যুত্থান হয়েছিল, তা উল্লেখ করেননি।
“এমনকি গণঅভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুসহ উল্লেখযোগ্য কোনো ব্যক্তির অবদানের কথাও উল্লেখ করা হয়নি। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, দুঃখজনক।”
খালেদা জিয়ার শাসনামলেও গণঅভ্যুত্থান হয়েছিল দাবি করে তিনি বলেন, “আইয়ুব খানের মতো বেগম খালেদা জিয়া জনরোষের কারণে ১৯৯৬ সালে বিতর্কিত নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল।”
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সদস্য সংসদ ডালিয়া আক্তার প্রমুখ।
