২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বরের নামে ‘ভুয়া’ ফেইসবুক দিয়ে চাঁদাবাজির অভিযোগ

নিজের নামে খোলা ‘ভুয়া’ ফেইসবুক অ্যাকাউন্টের মাধ্যমে চাঁদা আদায়ের অভিযোগে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় থানায় সাধারণ ডায়রি করেছেন বলে জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2016, 02:19 PM

Updated : 12 Apr 2022, 01:16 AM

শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালযে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ বিষয়ে গত বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তিনি জিডি করেছেন, যার নম্বর ৭১৩।

গয়েশ্বর সাংবাদিকদের বলেন, “একটি সংঘবদ্ধ প্রতারকচক্র আমার নামে খোলা ফেইসবুক ব্যবহার করে, আমার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের কাছে চাঁদা চেয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।

“আমি প্রশাসনকে অনুরোধ করব, তারা যেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রতারক চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসেন।”

প্রতারক চক্রের কর্মকাণ্ডের বিবরণ দিয়ে তিনি বলেন, “জনৈক এক ব্যক্তি বাংলাদেশের ০১৮৭৮৪২০৬৪৪ ও ০১৭২৩০২০০৬৬ নম্বর থেকে জাপানপ্রবাসী আকবর হোসনের ০০৮১৭০৬৫১২১০০৫ নম্বরে ফোন করে আমার নাম বলে টাকা দাবি করে। বৃটেনে নিউ ক্যাসলে বসবাসকারী ফজলুর রহমানের (০০৪৪৭৮০৮১৭৯৫৮) কাছ থেকেও আমার নাম বলে টাকা চায়। চক্রটি ফেইসবুকের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করে ০১৮৭৮৪২০৬৪৪ ও ০১৭২৩০২০০৬৬ নম্বরে ফোন করতে বলে।”

পরে আকবর ও ফজলুর তাকে ঘটনা জানালে প্রতারণার বিষয়টি ধরা পড়ে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

“কেবল তাই নয়, গতকাল (শুক্রবার) বিকাল ৫টার দিকে কুয়েতে বসবাসরত জনাব মহিমের মোবাইলে (০০৯৬৫৬৬১৩৭৯৯৩) বাংলাদেশ থেকে ০১৭১১৯০০০৮ নম্বর দিয়ে ফোন করে গয়েশ্বর চন্দ্র রায় পরিচয় দিয়ে ০১৭১৭৪০৪৩৬৬ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয়।”

প্রতারক চক্রটি কত টাকা হাতিয়ে নিয়েছে জানতে চাইলে গয়েশ্বর বলেন, “কত টাকা নিয়েছে, এটা এখনো আমি জানি না। তবে এখনো তারা বোধহয় টাকা নেওয়ার সুযোগটা পায় নাই।”

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতা সুলায়মান হোসেন উপস্থিত ছিলেন।