২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বরের বিরুদ্ধে মানহানির অভিযোগ

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে ‘কটূক্তি’ করার অভিযোগে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 11:42 AM

Updated : 12 Apr 2022, 01:16 AM

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মণীন্দ্র কুমার নাথ বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলার আর্জি জানান।

তার আইনজীবী তপো গোপাল ঘোষ জানান, মহানগর হাকিম আমিনুল ইসলামের শুনানি নিয়ে বিষয়টি তদন্ত করে আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

গত বছর ২৫ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক সভায় একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মন্তব্যের জন্য দণ্ডবিধির ৫০০ ধারা অনুযায়ী মানহানির এই অভিযোগ দায়ের করা হয়।

ওই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রসঙ্গে বলেন, তারা ‘নির্বোধের মতো’ মারা গিয়েছিলেন।

এর পর একই অভিযোগে গতবছর ২৯ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে নড়াইলের একটি আদালতে মামলা করেছিলেন শেখ আশিক বিল্লাহ নামের এক ব্যক্তি।