বাবলা-সানজিদার ‘দ্বন্দ্ব’ এখন রাজপথে
রাজধানীর শ্যামপুর এলাকার এমপি সৈয়দ আবু হোসেন বাবলা এবং সংরক্ষিত আসনের সাংসদ সানজিদা খানমের মধ্যকার দ্বন্দ্ব এলাকার গণ্ডি পেরিয়ে এখন রাজপথে গড়িয়েছে।
ওই এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের একদল নেতাকর্মী ও অভিভাবক শুক্রবার জাতীয় পার্টির নেতা বাবলার পক্ষ নিয়ে জাতীয় প্রেসক্লাবে সামনে মানববন্ধনে দাঁড়ান।
স্থানীয় ‘একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য’ হাসিলের জন্য এমপির বিরুদ্ধে ‘অপপ্রচার’ চালাচ্ছে বলে ‘শ্যামপুর দুর্নীতিবিরোধী ছাত্র-শিক্ষক-অভিভাবক ঐক্য’ এর ব্যানারে ওই কর্মসূচিতে অভিযোগ করা হয়।
অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা সানজিদা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, কারও কোনো অভিযোগ থাকলে তার সামনে গিয়ে যেন তা বলে।
গত রোজায় এক অনুষ্ঠানে সানজিদা খানম (বামে) এবং সৈয়দ আবু হোসেন বাবলা (ডানে)
এর পর থেকে শ্যামপুর শিল্প এলাকার নিয়ন্ত্রণ নিয়ে দুই এমপির দ্বন্দ্বের খবর বিভিন্ন সময়ে গণমাধ্যমে এসেছে।
এর সর্বশেষ প্রকাশ ঘটে গত ১১ জানুয়ারি দোলাইরপাড় স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে। সাংসদ বাবলা সেদিন দলবল নিয়ে স্কুলে ঢুকে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
প্রধান শিক্ষক মো. আতাউর রহমান সেদিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমপি (বাবলা) দস্যুর মতো দলবল নিয়ে আমার রুমে প্রবেশ করে। এরপর তার উপস্থিতিতে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম আমার কলার চেপে ধরেন। অন্যরা আমার মাথায়, মুখে, ঘাড়ে কিল-ঘুষি মারতে থাকে।”
ওই আসনের সাবেক এমপি সানজিদাও একই অভিযোগ তুলে বলেন, হামলার সময় সবাইকে বিভ্রান্ত করতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল।
অবশ্য বাবলা সেসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলে আসছেন, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে প্রশ্ন উঠায় তিনি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন, মারধরের বিষয়টি ‘ঠিক নয়’।
শুক্রবার যারা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসেছিলেন, তারা কথা বলেছেন এমপি বাবলার সুরেই।
দোলাইপাড় উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির ট্রাস্টি নজরুল ইসলাম বলেন, “আতাউর রহমান একজন মহা দুর্নীতিবাজ। ভর্তি বাণিজ্য, কোচিং বাণিজ্যসহ এমন কোনো অবৈধ কার্যক্রম নেই যা তিনি করেন না। স্থানীয় একটি মহলের শেল্টারে এসব বাণিজ্য করে তিনি রাতারাতি কোটিপতি বনে গেছেন। বিদ্যালয় থেকে যতক্ষণ তাকে অপসারণ না করা হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”
শ্যামপুরের মীর হাজিরবাগ এলাকার আরেকটি স্কুলের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম বলেন, “আতাউর রহমান শিক্ষক সমাজের কলঙ্ক। তিনি রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন পত্র-পত্রিকায় এমপি বাবলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তার পেছনে কে আছেন- তা আমরা জানি। আমরা এর তীব্র নিন্দা জানাই।”
এই ‘অপপ্রচারের’ কাজে কয়েকটি গণমাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে বলে মানববন্ধনের বক্তারা অভিযোগ করেন।
“বিগত সরকারের আমলে এই এলাকার নির্বাচিত এমপি ছিলেন সানজিদা খানম। বর্তমানে নির্বাচিত এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। বেশ কিছুদিন ধরেই এলাকার বিভিন্ন স্কুল-কলেজের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তের ক্ষেত্রে দুই নেতার দ্বন্দ্ব চলছে।”
এ বিষয়ে যোগাযোগ করা হলে সানজিদা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি (বাবলা) একজন জনপ্রতিনিধি, আমিও জনপ্রতিনিধি। আমি তার বিরুদ্ধে অপপ্রচার চালাব কেন?”
তিনি বলেন, “পত্রিকায় যে খবর বেরিয়েছে, তা সবাই দেখেছে। গত পাঁচ বছরে এলাকার জন্য কী করেছি, তা মানুষ জানে। কারও কোনো অভিযোগ থাকলে আমার সামনে এসে বলুক।”
