২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আর এ গনি সঙ্কটাপন্ন

বিএনপির স্থায়ী কমিটির প্রবীণতম সদস্য ড. আর এ গনির অবস্থা সঙ্কটাপন্ন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2016, 01:28 AM

Updated : 20 Aug 2022, 11:31 AM

স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গনি। অবস্থার অবনতি ঘটায় বৃহস্পতিবার রাতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে তাকে ‍লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে বিএনপি নেতারা জানান।

৮৯ বছর বয়সী গনি জিয়াউর রহমানের সরকারে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন।

বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,আর এ গনির অবস্থার অবনতির খবর শুনে রাত ১১টায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সুজাউদ্দিন স্কয়ার হাসপাতালে যান।

গত কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হলে গনিকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে বুধবার তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে।

বিএনপি নেতা শামীম বলেন, “শুক্রবার সকালে উনাকে (গনি) ব্যাংককে নেওয়ার কথা ছিল। কিন্তু আজ রাতে হঠাৎ অবস্থার অবনতি ঘটলে ব্যাংককে নেওয়া বাতিল করেন চিকিৎসকরা। তারা বলেছেন, এখন রোগীকে বিমানে নেওয়াটা ঝূঁকিপূর্ণ।”