২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজতেমার কারণে পিছিয়েছে আ. লীগের জনসভা

বিশ্ব ইজতেমার কারণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জনসভা ১০ জানুয়ারির পরিবর্তে ১১ জানুয়ারি করবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 05:45 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

Image
মাহবুব-উল-আলম হানিফ (ফাইল ছবি)

মাহবুব-উল-আলম হানিফ (ফাইল ছবি)

বুধবার রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলেন দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ একথা জানান।

ঢাকার উপকণ্ঠে টঙ্গীতে আগামী ৮ জানুয়ারি এ বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১০ জানুয়ারি পর্যন্ত চলবে।

হানিফ বলেন, “১০ জানুয়ারি জনসভা করার কথা থাকলেও বিশ্ব ইজতেমা ও ধর্মপ্রাণ মুসল্লিদের আখেরি মোনাজাতের কারণে আওয়ামী লীগের জনসভা হবে ১১ জানুয়ারি।”

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতা হানিফ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর যুদ্ধাপরাধের সাজা মৃত্যুদণ্ড বহাল থাকায় সন্তোষও প্রকাশ করেন। 

“এই রায়ের প্রতি আওয়ামী লীগ সন্তুষ্টি প্রকাশ করছে। এর মধ্য দিয়ে বাঙালি জাতি অভিশাপমুক্তির পথে এক ধাপ এগিয়ে যাবে। মুক্তিযুদ্ধে শহীদের দায়মুক্তির পথে এগিয়ে যাচ্ছে।”

আপিলের রায়ের পর জামায়াতের হরতালের সমালোচনা করে তিনি বলেন, “এর আগেও তারা মুজাহিদ-সাঈদীর রায়ের পর হরতাল ডেকেছিল। কিন্তু বাংলাদেশে কোনো হরতাল হবে না, এটা পাকিস্তানে হতে পারে।”

রাজনৈতিক সঙ্কট নিরসনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সংলাপের আহ্বান প্রসঙ্গে হানিফ বলেন, “দেশে এখন কোনো সঙ্কট নেই, বরং প্রত্যাশার চেয়ে দেশ এগিয়ে যাচ্ছে। গোটা দেশের মানুষের উপর সরকার আস্থার জায়গা সৃষ্টি করেছেন। সঙ্কট আছে পাকিস্তানি খালেদার মনে।”

সংলাপ কার সঙ্গে করব- এই প্রশ্ন রেখে তিনি বলেন, “যে নেত্রী একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, তার ব্যক্তিগত খায়েশ মোটানোর জন্য নিরীহ-নিরপরাধ মানুষের উপর পেট্রোল বোমা হামলা চালিয়ে সন্ত্রাস করেছিলেন। ২০১৫ সালে ৫ জানুয়ারি পর ৮০ দিন পেট্রোল বোমা হামলা চালিয়ে ছিলেন কার স্বার্থে? সবচেয়ে দুঃখজনক বিষয়, সেই বেগম জিয়া সংলাপের কথা বলছেন, ন্যায়ের কথা বলছেন!”

গত বছরের প্রথম তিন মাসে অবরোধে পেট্রোল বোমায় ১৪৭ জন মানুষের মৃত্যুর জন্য দেশবাসীর কাছে খালেদা জিয়ার ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন হানিফ। 

“যে ১৪৭ জন মানুষকে পুড়িয়ে হত্যা করলে, এদের জন্য একবারও দুঃখ প্রকাশ করলেন না। এদের পরিবার ও জাতির কাছে বেগম জিয়া একবারও ক্ষমা চান নাই। সংলাপের কথা বলার আগে মানুষ হত্যার দায়ে জাতির কাছে  তার ক্ষমা চাওয়া উচিৎ। বাংলাদেশের মানুষ কোনো খুনি-হত্যাকারীর সঙ্গে বৈঠক করা পছন্দ করে না।”

সংবাদ সম্মেলনে হানিফের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সুজিত রায় নন্দী, ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।