২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ জানুয়ারি: সমাবেশের সময় তিন ঘণ্টা, মানতে হবে শর্ত

নির্বাচনের দুই বছর পূর্তির দিনে তিন ঘণ্টা সময় বেঁধে দিয়ে আওয়ামী লীগ ও বিএনপি- দুই দলকেই নিজেদের কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 04:59 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

বিএনপি মঙ্গলবার নয়া পল্টনে এবং আওয়ামী লীগ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরও অনুমতি পেয়েছে।

দুই দলকেই বেলা ২টা থেকে ৫টার মধ্যে এই সমাবেশ শেষ করতে হবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া।

সোমবার নিজের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “রাজনৈতিক কর্মসূচির আড়ালে কেউ যদি জননিরাপত্তা বিঘ্নিত করতে চায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শক্ত ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তার খাতিরে সব দলকেই সমানভাবে দেখব।”

সমাবেশ করার শর্ত

# নির্দিষ্ট সময়ের মধ্যে সমাবেশ শেষ করতে হবে।

# নির্ধারিত এলাকার বাইরে মাইক ব্যবহার করা যাবে না।

# সমাবেশ করতে গিয়ে রাস্তাঘাট আটকে যানজট তৈরি করা চলবে না।

# ফেস্টুন-ব্যানারের আড়ালে লাঠি বা কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না।

# পুলিশের বেঁধে দেওয়া চৌহদ্দির মধ্যেই সমাবেশ সীমিত রাখতে হবে।

# মিছিল করে সমাবেশে আসা যাবে না।

পুলিশ কমিশনার জানান, আওয়ামী লীগ, বিএনপি ও মুক্তিযোদ্ধা সংসদ সোহরাওয়ার্দী উদ্যানে একই সময়ে সমাবেশের অনুমতি চেয়েছিল। পুলিশ ‘জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার স্বার্থে’ কাউকে সেখানে অনুমতি দেয়নি।

পরে আওয়ামী লীগ ও বিএনপি যার যার দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চাওয়ায় পরিস্থিতি যাচাই করে পুলিশের পক্ষ থেকে সমাবেশের এই অনুমতি দেওয়া হয় বলে জানান তিনি।

এক দিনে দুই দলের পাল্টা-পাল্টি রাজনৈতিক কর্মসূচিতে নতুন করে উত্তেজনা সৃষ্টির শঙ্কার মধ্যেই দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়ার কথা জানানো হয়।

দক্ষিণের মেয়র সাঈদ খোকন নগর ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, “সড়কের উপরে লাখ লাখ মানুষের ভোগান্তির সৃষ্টি করে- এ ধরনের সমাবেশ আমরা নিরুৎসাহিত করি। তবুও যেহেতু সোহরাওয়ার্দী উদ্যানে দুটি রাজনৈতিক দল সভা আহ্বান করেছে – এতে করে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

“সেজন্য বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় তাদের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়া হল। আর আওয়ামী লীগকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে সমাবেশের অনুমতি দেওয়া হল।”

ঢাকা শহরে সড়কে সমাবেশ করতে চাইলে অনুমতি নিতে হয় সিটি করপোরেশন থেকে। আর মাইক ব্যবহারসহ আইনশৃঙ্খলার দিকটি থাকে মহানগর পুলিশের হাতে।

২০১৪ সালের ৫ জানুয়ারি ওই নির্বাচনের মধ্য দিয়ে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। বিএনপি ভোটে না থাকায় অর্ধেকের বেশি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন।   

গতবছর নির্বাচনের বর্ষপূর্তিতে দুই দল একই দিনে কর্মসূচি দিলে তৈরি হয় উত্তেজনা। শেষ পর্যন্ত ঢাকা মহানগরে সব ধরনের মিছিল, সভা, সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করে মহানগর পুলিশ।

কর্মসূচি পালন করতে না পেরে টানা অবরোধের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে তার সঙ্গে যোগ হয় হরতাল। সারা দেশে টানা এই কর্মসূচির মধ্যে নজিরবিহীন নাশকতা ও সহিংসতায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।   

নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে বিএনপি ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য গত শনিবার মহানগর পুলিশ ও সিটি করপোরেশনের অনুমতি চায়। কয়েক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা আসে।

দিনটি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপনের জন্য সোহরাওয়ার্দী ছাড়াও ঢাকার ১৭টি স্থানে একযোগে সমাবেশ করার ঘোষণা দেয় ক্ষমতাসীন দলটি।

নতুন করে অস্থিরতা তৈরির শঙ্কার মধ্যে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া রোববার সাংবাদিকদের বলেন, পরস্পরবিরোধী সমাবেশে সাংঘর্ষিক কর্মসূচির কারণে জননিরাপত্তার ঝুঁকি দেখতে পেলে তারা কাউকেই কর্মসূচি পালনের অনুমতি দেবেন না।

তিনি জানান, সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টির ঝুঁকি আছে কি না তা জানতে রমনার উপ কমিশনার এবং পল্টনের ওসির কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে। তাদের মতামত পেলেই পুলিশের পক্ষ থেকে দুই দলকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এরপর রোববার বিকালে বিএনপির পক্ষ থেকে আরেকটি আবেদন করে বলা হয়, সোহরাওয়ার্দী উদ্যানে না পেলে তারা নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়।

 

পুরনো খবর:

বঙ্গবন্ধু এভিনিউয়ে আ. লীগ, নয়া পল্টনে বিএনপিকে অনুমতি
সোহরাওয়ার্দীতে আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ
সোহরাওয়ার্দী না পেলে নয়াপল্টন চায় বিএনপি
ঝুঁকি দেখলে কাউকে অনুমতি নয়: পুলিশ