দলীয় প্রতীকে পৌর ভোট আ. লীগের ‘ভুল সিদ্ধান্ত’: নোমান
প্রথমবারের মতো আয়োজিত প্রতীকে পৌর ভোটে বিএনপি অংশ নিলেও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান একে আওয়ামী লীগের আরেকটি ‘ভুল রাজনৈতিক সিদ্ধান্ত’ হিসাবে দেখছেন।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মঙ্গলবার এক আলোচনা সভায় তিনি বলেন, “পৌর নির্বাচনে দুইটা প্রতীক দিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক সিদ্ধান্তে আরেকটি ভুল করেছে।
“নির্বাচনে আমরা জয়লাভ করতে পারি অথবা পরাজিত হতে পারি। কিন্তু রাজনীতিতে আমরা জয়লাভ করেছি, রাজনীতিতে আমরা জয়লাভ করব। জোর করে ভোট নিলে সারা বিশ্ব দেখবে। মেয়র আমি পাব না, কিন্তু রাজনীতির পক্ষের শক্তি আমরা পাব।”
বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের এই আলোচনা সভায় নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে নোমান বলেন, “একটা পৌর নির্বাচন হচ্ছে, ভোটাররা ভোট দিতে সাহস পাচ্ছে না। এখন প্রতিনিয়ত আমাদের প্রার্থীদের ওপর নির্যাতন হচ্ছে, নেতা-কর্মীরা নির্বাচনের কাজ করতে পারছে না।
“এমনকি প্রার্থীরা পলাতক অবস্থায় নির্বাচন করছেন। এরকম পরিস্থিতি যদি থাকে তাহলে এটা কিসের নির্বাচন? এখানে জয়-পরাজযের কি অর্থ থাকতে পারে?”
নির্বাচন কমিশনকে সরকারের ‘আজ্ঞাবহ’ ও ‘মেরুদণ্ডহীন’ প্রতিষ্ঠান আখ্যায়িত করেন তিনি।
সোমবার কুমিল্লার চান্দিনা, লাকসাম ও বরুড়ায় গণসংযোগে বাধা পাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “ঘরোয়া সমাবেশ করতে গিয়ে আমরা গতকাল বোমার মুখে পড়ছি। আবার যখন অন্যদিকে যাচ্ছি সেখানে গাড়িতে ঢিল পড়ছে। দেশে নির্বাচন কমিশন নামে যে কমিশন আছে, তাদের মাধ্যমে অবাধ ও সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। তাদের কোনো লজ্জা নেই।”
নির্বাচন কমিশনকে ‘নিরপেক্ষভাবে’ কাজ করার আহ্বান জানিয়ে নোমান বলেন, “পৌর নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের জন্য একটা অগ্নি পরীক্ষা। এবার যদি ব্যালট ছিঁড়ে নির্বাচন হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন হয়, তাহলে এই কমিশনের প্রতি জনগণের আর কোনো আস্থা থাকবে না। তাহলে নতুন করে গণতান্ত্রিক আন্দোলন করতে রাজনৈতিক শক্তি বেগবান হবে।”
ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গ এবং ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর প্রশাসনের নির্যাতনের অভিযোগও করেন তিনি।
শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, কেন্দ্রীয় নেতা মেহেদী আলী খান, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করীম মজুমদার, জাকির হোসেন, মিজানুর রহমান চৌধুরী, জুলফিকার মতিন, সুমন ভুঞা প্রমুখ।
