মানবাধিকার লঙ্ঘন বন্ধে চাই সামাজিক প্রতিরোধ: কামরুল
সামাজিক প্রতিরোধ ছাড়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার রাজধানীতে বিশ্ব মানবাধিকার দিবসে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
“শুধুমাত্র আইন করে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা রোধ করা যাবে না। এজন্য সবাইকে সামাজিকভাবে সোচ্চার হতে হবে।”
আলোচনা সভায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনগুলোর বিরুদ্ধে ‘দ্বৈত আচরণের’ অভিযোগ তোলেন সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল।
“মোড়ল দেশগুলোতে যেসব মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তা নিয়ে কথা বলে না অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনগুলো। কারণ এরা ওদের টাকায় চলে। ওরা যা বলে এরাও তাই বলে।”
এসময় প্যারিসে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওই মোড়ল দেশ অপরাধীদের না ধরেই হত্যা করে। অথচ সেক্ষেত্রে এসব সংগঠন মানবাধিকার নিয়ে কোনো কথা বলে না।
“কিন্তু বাংলাদেশে অস্ত্রবাজি করতে গিয়ে বন্দুকযুদ্ধে মারা গেলে অপরাধীদের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলেন তারা।”
অন্য মানবাধিকার সংগঠনের মতো শুধু সরকারের দোষ-ত্রুটি না খুঁজে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ‘সত্যিকারের মানবাধিকারের’ পক্ষে দাঁড়াবে বলে আশাপ্রকাশ করেন কামরুল।
এসময় শিমলাচুক্তি অনুযায়ী ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচারের জন্য পাকিস্তানের উপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করতে সব মানবাধিকার সংগঠনের প্রতি আহ্বান জানান তিনি।
জাতীয় প্রেসক্লাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী, সাবেক জেলা প্রশাসক মো. রবিউল ইসলাম ও সংগঠনের মহাসচিব আবেদ আলী বক্তব্য রাখেন।
