পৌর ভোটে সেনা চায় এনপিপি
২৩৫ পৌরসভায় ৩০ জন প্রার্থী দিয়েছে দলটি।
— পৌর নির্বাচনে ২৫ ডিসেম্বর থেকে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি।
মঙ্গলবার দলটির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানান।
দশম সংসদ নির্বাচন বর্জন করা দলটি এবার পৌর ভোটে ৩০ জন প্রার্থী দিয়েছে বলে জানান নিলু। এনপিপি প্রার্থীরা আম প্রতীকে এই ভোটে অংশ নেবে।
এনপিপি চেয়ারম্যান বলেন, “পৌর নির্বাচনী এলাকায় ২৫ ডিসেম্বর থেকে সেনা মোতায়েনের দাবি জানিয়েছি। এ নিয়ে সিইসি দ্বিমত পোষণ করেননি। তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা বৈঠকে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”
ফাইল ছবি
ইসি কর্মকর্তারা জানান, আগে কখনও পৌর নির্বাচনে সেনা মোতায়েন হয়নি। বরাবরই বিজিবি, পুলিশ, র্যাব, আনসার-ভিডিপি, এপিবিএন সদস্যদের এ ভোটের দায়িত্বে রাখা হয়েছে।
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও এদিন সিইসির সঙ্গে সাক্ষাৎ করে।
