পৌর ভোট: ১৪ দলের সমন্বয় কমিটি হচ্ছে
জোটভুক্ত দলগুলো আলাদাভাবে প্রার্থী দিলেও পৌরসভা ভোটের প্রচারে সমন্বয়ের জন্য কেন্দ্রীয়ভাবে একটি কমিটি করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
মঙ্গলবার ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের বৈঠক শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম এই সিদ্ধান্তের কথা জানান।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে এই কমিটি হবে জানিয়ে আওয়ামী লীগ নেতা নাসিম বলেন, “কমিটি বিভিন্ন বিভাগ ও পৌরসভায় গিয়ে স্থানীয় নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক করবে।”
কমিটির কাজের বিষয়ে দিলীপ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব জায়গায় ১৪ দলের একাধিক প্রার্থী নেই সেখানে যিনি আছেন তাকে আমরা জিতিয়ে আনার চেষ্টা করব।”
যেসব পৌরসভায় ১৪ দলের একাধিক প্রার্থী রয়েছে সেখানে কাজের ধরন কী হবে জানতে চাইলে তিনি বলেন, “অনেক জায়গায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী এবং জোট শরিকদের প্রার্থী আছে। এসব জায়গায় যাতে স্বাধীনতার পক্ষের কাউকে জয়ী করা যায় সে চেষ্টা করব আমরা। সেজন্য কী করলে, কাকে রাখলে ভালো হয় সে বিষয়েও কমিটি ভাববে।”
কমিটিতে অন্য কারা থাকছেন জানতে চাইলে তিনি বলেন, “আগামী দুই/একদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি এবং এর পাশাপাশি উপ-কমিটি করা হবে।”
বিএনপিবিহীন দশম সংসদ নির্বাচন জোটগতভাবে করলেও পৌরসভা নির্বাচনে আলাদাভাবে প্রার্থী দিয়েছে ১৪ দলের শরিকরা।
এ নিয়ে জোট শরিকদের মধ্যে কোনো ধরনের ‘ভুল বোঝাবুঝি’ নেই বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম।
আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি বলেন, “১৪ দলের শরিক দলগুলো যার যার অবস্থান থেকে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করছে। এটা ভাল লক্ষণ।
“১৪ দল মনে করে এ নির্বাচনে যার যেমন ভূমিকা রাখার সুযোগ রয়েছে তা রাখা দরকার।”
“১৪ দলের ঐক্য হিমালয়ের মতো অটুট। এটাকে কেউ ভাঙতে পারবে না,” বলেন তিনি।
পৌরসভা নির্বাচনে বিএনপির অংশগ্রহণের জন্য দলীয় প্রধান খালেদা জিয়াকে ধন্যবাদ জানান আওয়ামী লীগ নেতা নাসিম।
“তিনি (খালেদা) উপলব্ধি করতে পেরেছেন নির্বাচন বর্জন শুভ লক্ষণ নয়। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছেন,” বলেন তিনি।
সরকারি সুবিধাভোগী না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের পৌরসভা নির্বাচনে প্রচারে যাওয়ার সুযোগ রয়েছে।
এ প্রসঙ্গে নাসিম বলেন, “তিনি আবার যদি মাঠে নামেন তাহলে জনগণের আবার মনে পড়বে-তিনি পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করেছিলেন।”
পাকিস্তানের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ ও পাওনা হিস্যা আদায়ের লক্ষ্যে উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
“পাকিস্তানের অমার্জনীয় অপরাধ বাঙালি কোনও দিন ক্ষমা করবে না। আমরা পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আমাদের হিস্যার জন্য পাকিস্তানিদের উপর চাপ দেওয়া হোক। চুক্তি অনুযায়ী তাদের যে ১৯৫ জন যুদ্ধাপরাধীর বিচারের কথা ছিল সেটার জন্য চাপ দেওয়া হোক।”
দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবুল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের নাজমুল হক প্রধান, গণতন্ত্রী পার্টির শাহাদত হোসেন, তরিকত ফেডারেশনের এমএ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
