২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয় দিবসে শোভাযাত্রা করবে বিএনপি

বিজয় দিবসের বিকালে রাজধানীতে শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে বিএনপি। ওইদিন বিকাল তিনটায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2015, 03:03 PM

Updated : 22 Aug 2022, 02:10 PM

মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিজয়ের মাসে বিএনপির বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলের মুখপাত্রের দায়িত্ব পালন করা আসাদুজ্জামান রিপন।

তিনি জানান, বিজয়ের দিনটিতে শোভাযাত্রা ছাড়াও ১৮ ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে আলোচনা সভা  হবে।

ওইদিন সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হবে। রাতে থাকবে আলোকসজ্জা।

এছাড়া ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আরেকটি আলোচনা সভার কর্মসূচি রেখেছে দলটি।

সংবাদ সম্মেলনে সদ্য কারামুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

কোনো ধরনের বাধা ছাড়া এসব কর্মসূচি পালনের আশা প্রকাশ করে ফখরুল বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল। আমরা যথাযোগ্য মর্যাদায় বাধাহীনভাবে বিজয় দিবস পালন করতে চাই।”

সরকার বিরোধী মত দমন করছে অভিযোগ করে তিনি বলেন, “দূর্ভাগ্য হচ্ছে- আমরা যারা বিরোধী দল ও ভিন্ন চিন্তার মানুষ আছি, তাদের জন্য ডেমোক্রেটিক স্পেস একেবারেই নেই। আমরা সভা-সমাবেশ করতে পারি না। আজকাল আমাদের জেলাগুলোর অফিসে সভাও করতে দেওয়া হয় না।”

এর আগে সকালে মির্জা ফখরুলের সভাপতিত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়।

চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা কাজী আসাদুজ্জামান আসাদ, আসাদুজ্জামান রিপন, মজিবুর রহমান সারোয়ার, মসিউর রহমান, ফজলুল হক মিলন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ যৌথসভায় উপস্থিত ছিলেন।