‘ধানের শীষ’ দেখার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী: সুরঞ্জিত
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন আয়োজনে দেশে অনেকদিন পর বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’ দেখা যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “দেশের মানুষ অনেক দিন ধরে ধানের শীষ দেখে না। ধানের শীষের কথা মানুষ ভুলে গেছে।
“এইবার পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় দেশের জনগণ ধানের শীষ দেখতে পাবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে নির্বাচন করার এই সুযোগ করে দিয়েছেন।”
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। পরে উপজেলা এবং ঢাকা ও চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিতরা অংশ নিলেও বিধান না থাকায় সে সময় দলীয় প্রতীকে ভোট হয়নি।
এবার আইন সংশোধন হওয়ায় প্রথমবারের মতো পৌরসভায় মেয়র পদে দলীয় প্রতীক পাবেন সমর্থিত প্রার্থীরা।
নির্বাচনে মন্ত্রী-সাংসদদের দলের প্রার্থীর পক্ষে প্রচারে যাওয়ার সুযোগ দাবি করে ক্ষমতাসীন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত বলেন, “বেশিরভাগ দলের প্রধানরাই এমপি-মন্ত্রী। তাছাড়া খালেদা জিয়ারও একটা স্ট্যাটাস আছে।
“ইনু (তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু) তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিটিভির মালিকই। মেনন সাহেবেরও একটা দল আছে, এরশাদ সাহেবেরও কিছু একটা আছে। তাই এগুলো বিবেচনা করে একটা লেভেল প্লেয়িং ফিল্ড আনতে হবে।”
পৌর নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ করে সাবেক এই মন্ত্রী বলেন, “নির্বাচন কমিশন নির্বাচন করে, সরকার করে না। নির্বাচন কমিশন আমাদের কথাও শোনে না। আমার মনে হয় ভাল নির্বাচন হবে। জাতীয় নির্বাচনের আলোকে পৌর নির্বাচন হবে।”
রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির আয়োজনে এই আলোচনা সভা হয়।
সভায় যুদ্ধাপরাধ ইস্যুতে পাকিস্তানের সাম্প্রতিক বক্তব্য এবং দেশটিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলবের প্রতিবাদে তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছেদের কথা বলেন সুরঞ্জিত।
“পাকিস্তান এখন একটা নষ্ট-ভ্রষ্ট দেশে পরিণত হয়ে গেছে। এরা ভালো কিছু কিভাবে বলবে? পাকিস্তান থেকে আমাদের হাই কমিশনার, ডেপুটি হাই কমিশনার তুলে নিতে হবে।”
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৪ জনকে গুলি চালিয়ে হত্যার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “আমাদের আগের দিন নেই। এখন আমাদের কথা বলার সুযোগ আছে। বাংলাদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স।
“ওনাদের (যুক্তরাষ্ট্র) নিয়ে এখন আমরা কথা বলতে পারব। সুতরাং আমাদের নিয়ে কথা-বার্তা বলায় সাবধান হয়ে যান।”
সভায় বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া ও সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরীসহ অন্যরা বক্তব্য রাখেন।
