২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে সব ভোটে প্রাণ যাবে জোটের: নানক

সব নির্বাচন জোটবদ্ধভাবে করলে জোট এক সময় জড় বস্তুতে পরিণত হবে বলে মনে করেন ১৪ দলের নেতৃত্বে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2015, 04:33 PM

Updated : 22 Aug 2022, 02:07 PM

বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের চিঠি দেওয়ার অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

জোটগতভাবে নির্বাচন নয় কেন- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ প্রশ্নে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নানক বলেন, “প্রত্যেকটি রাজনৈতিক প্রতিষ্ঠানের স্বকীয়তা বজায় রাখা, বিকাশ ও শ্রী বৃদ্ধির জন্য পৌর নির্বাচনে জোটগতভাবে যায়নি আওয়ামী লীগ।

“এভাবে সব নির্বাচন জোটবদ্ধভাবে করলে জোট এক সময় জড় বস্তুতে পরিণত হবে।”

তিনি বলেন, “দলীয়ভাবে একক প্রার্থী দিলে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা ও রাজনৈতিক চর্চার বিকাশ ঘটবে।”

জোটের বাইরে গিয়ে একক প্রার্থী দেওয়ায় জোটে কোনো সমস্যা হবে কি না- জানতে চাইলে জাহাঙ্গীর কবির নানক বলেন, “কোনো ধরনের সমস্যা হবে না। জোট হচ্ছে আমাদের আদর্শের লড়াই ”

বিদ্রোহী প্রার্থী হিসেবে কেউ নির্বাচন করলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে কি না- জানতে চাইলে ক্ষমতাসীন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “দলের গঠনতন্ত্র মোতাবেক এগিয়ে যাব।”

মঙ্গলবার কেন প্রার্থীদের তালিকা দেওয়া হয় নাই- এ প্রশ্নে তিনি বলেন, সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হবে বলে দলের পক্ষ থেকে বলা হয়নি। তবে ব্যক্তিগতভাবে কোনো নেতা হয়তো বলেছেন।

“মূলত সময় কম হওয়ায় প্রার্থী বাছাই, মনোনয়ন ও প্রার্থীদের মাঝে মনোনয়নপত্র পৌঁছে দেওয়াই আমাদের প্রথম কাজ ছিল।”

বিতরণ কখন শেষ হবে- জানতে চাইলে নানক বলেন, গতরাতেই ৯০ শতাংশ মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। অল্প কিছু বাকি ছিল। সকাল থেকে বিতরণ করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেটা শেষ হবে।

মেয়র প্রার্থী ঠিক করতে মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে কেন্দ্রীয় নেতাদের নিয়ে বসেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

সেখানে প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর প্রথমে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা হবে না বলে প্রধানমন্ত্রীর সরকারি বাড়ির কর্মকর্তারা জানিয়ে দেন।

সে সময় পর্যন্ত আওয়ামী লীগের মেয়র প্রার্থীদের তালিকা পাওয়া না গেলেও তাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থীদের নাম মঙ্গলবার সন্ধ্যা থেকে ঘোষণা শুরু করে।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় ২৩৫ পৌরসভায় নির্বাচনে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এবারই প্রথম দলীয় প্রতীকে মেয়র নির্বাচন হচ্ছে।