হত্যাকাণ্ড থেকে ‘ফায়দা লুটার’ চেষ্টায় সরকার: বাসদ
একের পর এক হত্যাকাণ্ডের পরও জনগণের নিরাপত্তা নিশ্চিত না করে সরকার ঘটনাগুলো থেকে ‘ফায়দা’ হাসিলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাসদের একটি অংশ।
রুশ বিপ্লবের ৯৮তম বার্ষিকী এবং দলের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার বিকালে এক সমাবেশে এ অভিযোগ করেন বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সদস্য শুভ্রাংশু চক্রবর্ত্তী।
“দেশে একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও কোনো ঘটনার সঠিক বিচার হচ্ছে না। মত প্রকাশের দায়ে ব্লগারদের খুন করা হচ্ছে।
“জনগণের নিরাপত্তা বিধানে দায়িত্ব পালন না করে এসব হত্যাকাণ্ড থেকে সরকার ‘ফায়দা’ হাসিলের চেষ্টা করছে।”
তিনি বলেন, “সরকার, বিরোধী দল ও সাম্রাজ্যবাদী গোষ্ঠী সবাই মৌলবাদীদের ব্যবহারের প্রতিযোগিতায় নেমেছে। ফলে মৌলবাদী শক্তি ক্রমাগত বেপরোয়া হয়ে উঠছে।”
উন্নয়নের খরচ ‘যোগাড়ের’ নামে সরকার তেলের দাম না কমিয়ে, বিদ্যুৎ-গ্যাস-পানির দাম ক্রমাগত বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মানস নন্দীর সভাপতিত্বে সমাবেশে জেলা কমিটির সদস্য সচিব অপু দাশ গুপ্ত ও সদস্য শফিউদ্দিন কবির আবিদ বক্তব্য রাখেন।
