শুধু সাকা নয়, সব খুনিকে ঝোলানো হবে: মহিউদ্দিন
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা চট্টগ্রামের প্রভাবশালী রাজনীতিক সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিণতি থেকে সাবধান হতে নাশকতাকারীদের হুঁশিয়ার করেছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে বৃহস্পতিবার এক সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন বলেন, “শুধু সালাউদ্দিন কাদেরের নয়, আপনাদের জন্যও ফাঁসি অপেক্ষা করছে। খুনির বিচার হবে। সব খুনিকে ফাঁসিতে ঝোলানো হবে। সাবধান হয়ে যাবেন।”
সালাউদ্দিনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে বিএনপি কোনো কর্মসূচি না দেওয়ায় এটাকে অগ্রগতি হিসেবে দেখছেন মহিউদ্দিন।
“বিএনপি মনে হয় একটু সাবধানের পথে চলছে,” বলেছেন তিনি।
বন্দর নগরীর দারুল ফজল মার্কেটে নগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, “সংবিধান সম্মতভাবে আইনানুগ বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ আদালতের দেওয়া যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ রায়ের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।”
তিনি বলেন, “যুদ্ধাপরাধের বিচার নিয়ে সংশয় প্রকাশ করে যারা উপহাস করেছিল তারা আজ কোথায়?”
জামায়াতে ইসলামীর কেউ কেউ আওয়ামী লীগে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে জানিয়ে মহিউদ্দিন বলেন, “আমাদের দলে নতুন কোনো সদস্যের প্রয়োজন নেই। যারা সদস্য আছেন প্রয়োজনে দলের পক্ষ থেকে তাদের আইডি বা সনদ দেওয়া হবে।”
দলে ‘অনুপ্রবেশের’ চেষ্টাকারীদের উদ্দেশ্যে চট্টগ্রাম আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা বলেন, “অনেকেই চাঁদা দিচ্ছেন। কিছুতেই কিছু হবে না। কোনো কৌশলেই কেউ রক্ষা পাবে না।”
সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “জামায়াত কোনো নতুন সংগঠন নয়। মুক্তিযুদ্ধের সময় তারা মানবতাবিরোধী অপরাধ করেছে। তাই তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে।
“গতকাল রিভিউ খারিজের আগ পর্যন্ত অনেকে অনেক কথা বলেছে। সেগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন।”
নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি আবু হানিফ, নগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক নোমান আলম মাহমুদ ও শফিক আদনান প্রমুখ বক্তব্য দেন।
