২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ফেরা নিয়ে সন্দিহান শেখ সেলিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 12:03 AM

Updated : 22 Aug 2022, 01:52 PM

মঙ্গলবার গোপালগঞ্জে এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন,“বাংলাদেশের জনগণ খালেদা জিয়ার খুনের রাজনীতি প্রত্যাখ্যান করেছে। তিনি দেশে ফিরে পৌর নির্বাচনের প্রচারণায় নামলে দেশের মানুষ তাকে প্রতিহত করবে।

“তার সব মামলার বিচার শুরু হয়েছে। এতিমের টাকা মেরে খাওয়া মামলায় তার সাজা হবে। নাইকো মামলা সচল হয়েছে। শেষ বয়সে জেল খাটার ভয়ে তিনি দেশে ফিরবেন কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।”

এছাড়া খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি বিএনপি নেতা-কর্মীদের ‘আস্থা’ নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম।

“বিএনপিতে এক ধরনের ক্রান্তিকাল চলছে,” বলেন তিনি।

চিকিৎসার জন্য গত কোরবানির ঈদের আগে যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। কয়েক বছর ধরে স্ত্রী-সন্তানকে নিয়ে লন্ডনে বসবাসরত বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন তিনি।

সম্প্রতি লন্ডনে এক সভায় খালেদা জিয়া বলেছেন, তার দেশে ফেরা অত্যন্ত প্রয়োজন।

“আমাকে দেশে ফিরতে হবে।”

তবে পরিবারের সদস্যরা তাকে ছাড়তে চাচ্ছেন না বলেও জানিয়েছেন তিনি।

খালেদা জিয়া কবে দেশে ফিরবেন সে বিষয়ে বিএনপি নেতাদের কাছ থেকেও স্পষ্ট কিছু জানা যায়নি।

গোপালগঞ্জ সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন শেখ সেলিম।

শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ,  গোপালগঞ্জ  জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক প্রমুখ বক্তব্য দেন।

শেখ সেলিম বলেন,“জঙ্গি, নাশকতা, সন্ত্রাসী তৎপরতা চালিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। জনগণ ও বঙ্গবন্ধুর আদর্শ আওয়ামী লীগের শক্তি।

“শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলব।”

বিএনপির সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন,“জঙ্গিদের সাথে আলোচনা মানেই তাদের উৎসাহিত করা। আমরা জঙ্গিবাদকে উৎসাহিত করব না। আমরা জঙ্গি দমন করব।

“খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষায় জঙ্গি, সন্ত্রাসী, যুদ্ধাপরাধী,আল কায়েদা, হরকাতুল জিহাদের নেতৃত্ব দিচ্ছেন। এ দেশে আর কোনো দিনই জঙ্গি, সন্ত্রাসী, যুদ্ধাপরাধী,আল কায়েদা, হরকাতুল জিহাদ রাষ্ট্র ক্ষমতায় আসতে পরেব না।”

সাবেক সেনা শাসক জিয়াউর রহমানকে ‘পাকিস্তানের এজেন্ট’ আখ্যা দিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন,“জিয়া বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে। তিনি নামধারী মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যা করে পাকিস্তানের এজেন্ডা বাস্তাবায়ন করেছেন।

“যুদ্ধাপরাধী শাহ আজিজ, আব্দুল আলিমকে মন্ত্রী করেছেন। স্বাধীনতা বিরোধী,একাত্তরের পরাজিত শক্তি,পঁচাত্তরের এর খুনিদের পুনর্বাসিত করে এ দেশকে পাকিস্তানি ধ্যান-ধারণায় পরিচালিত করেছে।”

পশ্চিমাদের সমালোচনা করে ক্ষমতাসীন দলের নেতা শেখ সেলিম বলেন,“আপনাদের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আটলান্টিকের ওপারে রাখুন। আমাদের মানবাধিকার ও গণতন্ত্র আমাদের জনগণের হাতে। দয়া করে এখানে এসে নাক গলাবে না।”

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাজী লিয়াকত আলী লেকুকে সভাপতি এবং রফিকুল ইসলাম মিটুকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ সদর উপজেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া হাসমত আলী সিকদার চুন্নুকে সভাপতি এবং এসএম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়।