আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে খালেদার যোগাযোগ: ইনু
আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের মাধ্যমে খালেদা জিয়া দেশ অস্থিতিশীল করার চেষ্টায় আছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
সচিবালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “বাংলাদেশে অস্বাভাবিক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেত আন্তর্জাতিক জঙ্গিবাদী সংগঠনগুলোর সাথে যোগাযোগের চেষ্টা করছেন খালেদা ও তার পুত্র।”
শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমসহ আফগানিস্তান, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানের যোগাযোগের তথ্য রয়েছে বলেও দাবি করেন ইনু।
জঙ্গিবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আলামত ও তথ্য-উপাত্ত যাচাই করে কর্তৃপক্ষ মামলার বিষয়টি দেখবে।”
প্রধানমন্ত্রীকে নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্যকে ‘ভুতের মুখে রাম নাম’ মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, “রাজনীতিতে সাবেক এই প্রধানমন্ত্রী এখন খলনায়িকার ভূমিকা পালন করছেন।
“সামরিক শাসকের স্ত্রী ও হাওয়া ভবনের তারেক রহমানের মায়ের মুখে এসব কথা ভুতের মুখে রাম নাম ছাড়া আর কিছুই না। খালেদা জিয়া এখন রাজনীতির খলনায়িকার ভূমিকা পালন করছেন।”
ইনু বলেন, “জঙ্গিবাদী-জামায়াতিরা উনার পার্টনার। জামায়াতীদের নিয়ে যে গণতন্ত্রের ফর্মুলা উনি দিয়েছেন তা মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও দেশবিরোধী।”
শেখ হাসিনা বাংলাদেশে ‘রাজতন্ত্র’ কায়েম করেছেন দাবি করে রোববার লন্ডনে এক সমাবেশে আওয়ামী লীগকে হটাতে ‘জাতীয় ঐক্য’ গড়ে তোলার আহ্বান জানান খালেদা জিয়া।
ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়ে ওই সমাবেশে বিএনপি চেয়ারপারসন বলেন, “এক রাজতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে এখন। রাজতন্ত্রের জন্য আছেন একজন লেডি হিটলার। কারণ তিনি যা হুকুম দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন; তার সৈন্য-সামন্তরা যারা আছে, অর্থাৎ প্রশাসন, তারা সেভাবে কাজ করছেন। সবকিছু তার কথামতো চলে।”
বিদেশে খালেদা জিয়ার ওই বক্তব্যের জবাব দিতেই সংবাদ সম্মেলনে আসেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও তথ্যমন্ত্রী ইনু।
মন্ত্রী বলেন, “খালেদা জিয়া রাজতন্ত্র বা গণতন্ত্রের কোনটির মানেই বুঝেন না। আর যদি কিছু বোঝেন তাহলে বুঝেও অসত্য বলেছেন। অতীতের মত ডাহা মিথ্যা ও অসত্য উক্তি করেছেন।”
খালেদার উদ্দেশে ইনুর প্রশ্ন রেখে বলেন, “স্বৈরতান্ত্রিক ও হিটলারী কায়দায় দেশ চালানো হলে খালেদা জিয়ার বিএনপি কীভাবে রাজনীতি করছে? খালেদা জিয়ার বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হচ্ছে কীভাবে?
“খালেদা জিয়া জনসভা করছেন, দলীয় অফিসে যাচ্ছেন, নিজের অফিসে যাচ্ছেন, বক্তৃতা-বিবৃতি দিচ্ছেন, বিদেশে যাচ্ছেন। শুধু আগুন সন্ত্রাস চালাতে বাধা দিলেই গণতন্ত্র নেই বলে মায়াকান্না জুড়ে দেওয়া হচ্ছে।”
বিএনপি সরকারের সময় সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডের বিবরণ সংবাদ সম্মেলনে তুলে ধরেন তথ্যমন্ত্রী।
