বিরোধী দল সরকারে বিলীন: মাহবুব
দেশে ‘পরোক্ষভাবে একদলীয়’ শাসন চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।
শনিবার বিকালে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান এ কথা বলেন।
তিনি বলেন, “দেশে গণতন্ত্র নেই। সংসদে কোনো বিরোধী দল নেই। তারা (সংসদে বিরোধী দল) সরকারের সাথে একদেহে বিলীন হয়ে গেছে। কে সরকার, কে বিরোধী দল, সরকারি দল-বিরোধী দল বোঝার উপায় নেই। এরকম একটা অবস্থায় গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থায় দেশে পরোক্ষভাবে একদলীয় শাসন চলছে।”
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় যুব সংহতির উদ্যোগে প্রয়াত কাজী জাফর আহমদের স্মরণে এই আলোচনা সভা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে ইঙ্গিত করে সাবেক সেনা প্রধান জেনারেল মাহবুবুর রহমান বলেন, “আজ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, বিদেশিরা খুন হচ্ছেন। শিয়া মুসলিম সম্প্রদায়ের সমাবেশে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে, যা আগে কখনো ঘটেনি। এরকম একটা কঠিন সময় আমরা পার করছি।”
“এর কারণ দেশে গণতন্ত্রের শূন্যতা ও নেতৃত্বের শূন্যতা চলছে। আজ কাজী জাফর নেই, মওলানা ভাসানীও নেই। ভাসানী থাকলে বলতেন, খামুস- সব ঠিকঠাক হয়ে যেত। নেই জিয়াউর রহমানও, যার ছিল পাহাড়সম ব্যক্তিত্ব। আমি মনে করি, সত্যিকারভাবে আজ দেশে কঠিন দুযোর্গ।”
গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি মহসীন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ডিএল এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
