২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস দমনে বিশেষ বাহিনী গঠনের দাবি

সন্ত্রাস মোকাবেলায় ‘অ্যান্টি টেরোরিস্ট স্পেশাল পুলিশ ফোর্স’ গঠনের দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রবীণ রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 07:22 PM

Updated : 25 Apr 2022, 02:03 PM

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি বলেন, জামায়াতের সঙ্গে যুক্ত থেকে ১১৯টি জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠন দেশে কার্যক্রম পরিচালনা করছে। পাঁচ লাখ কোটি টাকার অর্থনীতি তাদের নিয়ন্ত্রণে। পাশাপাশি এর আগে রাষ্ট্রীয় আনুকূল্যও তারা পেয়েছে।

“এদেরকে দমন অনেক কঠিন কাজ। যে সক্ষমতা আমাদের পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর আছে বলে মনে হয় না। তাই অ্যান্টি টেরোরিস্ট স্পেশাল পুলিশ ফোর্স গঠন করে দক্ষ লোকদের সেখানে সন্নিবেশ করতে হবে।”

‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী মঞ্চ’ আয়োজিত ‘জাতীয় উন্নয়ন ও অগ্রযাত্রার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র এবং সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ রুখে দাঁড়ান’ শীর্ষক ওই আলোচনা সভা আয়োজন করে।

সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের জন্য সরকারকে প্রথমত ‘শত্রু’ চিহ্নিত করার দরকার মন্তব্য করে ঐক্যন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য বলেন, “আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি আর আদর্শিক শত্রু জামায়াত। গণতান্ত্রিক ব্যবস্থায় আদর্শিক শত্রুকে ধ্বংস করতে হবে আগে। এই ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব থাকলে লড়াইয়ে হেরে যেতে হবে।”

‘জামায়াততে নিষিদ্ধ করতেই হবে’ দাবি করে তিনি বলেন, “আইএস ও জামায়াত অবিচ্ছেদ্য, মুদ্রার এপিঠ-ওপিঠ। আইএস আন্তর্জাতিক ও জামায়াত আঞ্চলিক সন্ত্রাসী দল।”

বিএনপি মুক্তিযুদ্ধের দল না গণতন্ত্রের দল তাদেরকে প্রমাণ করতে হবে। তারা মুক্তিযুদ্ধের দল হলে বিএনপির শীর্ষস্থানীয় নেতা সাজাপ্রাপ্ত হলে তাকে বহিষ্কার করেনি কেন?”

“খালেদা জিয়াকে এ বিষয়টি স্পষ্ট করতেই হবে, আপনি গণতান্ত্রিক দল কিনা, মুক্তিযুদ্ধের দল কিনা।”

আলোচনা সভার ধারণাপত্র উপস্থাপন করতে গিয়ে ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের দুই দফা দাবি তুলে ধরেন এর সদস্য নুর আহমেদ বকুল।

তিনি বলেন, “মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারের রায় অবিলম্বে কার্যকর করা হোক। জামায়াত-শিবিরসহ সকল জঙ্গিবাদী সংগঠন নিষিদ্ধ করা এবং তাদের সকল অর্থের উৎস রাষ্ট্রীয় কর্তৃত্বে আনা হোক।”

অনুষ্ঠানের সভাপতি আয়োজক মঞ্চের আহ্বায়ক অজয় রায় বলেন, “জঙ্গিবাদ আমাদের দেশে অনেক পুরোনো হলেও সাম্প্রতিক সময়ে এটা আমাদের জাতীয় জীবনকে বিড়ম্বিত করছে। দুই বিদেশিকে হত্যা, একজন পীরকে হত্যা এবং একজন যাজককে হত্যা চেষ্টার পর মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যে প্রচার আন্দোলন শুরু করেছে, তা কোন যুক্তিতে?

“বিশ্বব্যাপী যত সংঘাত হচ্ছে তার নাটের গুরু তো যুক্তরাষ্ট্র। তাদের প্রেরণায় ইরাকে সাবেক সেনারা আইএস গঠন করেছে। এখন সেটাকে ধ্বংস করার জন্য তারা সংঘাত-হামলায় মেতেছে। এখন কি বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে সেজন্য তারা এমন করছে?”

জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তারা বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে নানা উদ্যোগ গ্রহণ করেছে, তাতে অদূর ভবিষ্যতে বড় ধরনের সংঘাত ঘটানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ, বাংলাদেশে ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ, জাসদ সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী, জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি বক্তব্য দেন।