২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বিএনপির ৬২ নেতাকর্মী কারাগারে

সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মী নিহতের মামলায় নীলফামারীতে বিএনপির ৬২ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2015, 07:06 PM

Updated : 22 Aug 2022, 01:41 PM

বুধবার নীলফামারীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোতাহারাত আক্তার ভুইয়া এ আদেশ দেন।

নীলফামারী জজ আদালতের পিপি অক্ষয় কুমার রায় জানান, আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নাকচ করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর রাতে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার পর জামায়াত-বিএনপির নেতাকর্মীরা নীলফামারী সদরের পলাশবাড়ি, লক্ষ্মীচাপ, টুপামারীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা চালায়।

এরপর ১৪ ডিসেম্বর ওই সময়ের সংসদ সদস্য ও বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে শহরে বাড়ি ফেরার পথে টুপামারী ইউনিয়নের  রামগঞ্জ বাজারে তার গাড়িবহরে হামলা চালায় বিএনপি-জামায়াত কর্মীরা।

ওই সময় পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে হামলাকারীদের সংর্ঘষ বাধে। এতে চার আওয়ামী লীগ নেতাকর্মীসহ ৫ জন নিহত হন।

নীলফামারী সদর থানার ওসি শাহজাহান পাশা জানান, ওই ঘটনায় রাতেই নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) বাবুল আখতার বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অন্তত দুই হাজার পাঁচশ জনকে আসামি করে মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক  মোস্তাফিজুর রহমান চলতি ২০১৫ সালের জুলাই মাসে সদর উপজেলা জামায়াতের আমির খায়রুল আনামকে প্রধান আসামি করে জামায়াত-বিএনপির ২১৭ নেতাকর্মীর নামে অভিযোগপত্র দেন।