বিএনপিকে নিশ্চিহ্ন করার চক্রান্ত হচ্ছে: ফখরুল
সরকার বিএনপিকে ‘নিশ্চিহ্ন করার চক্রান্ত করছে’ বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করে।
ফখরুল বলেন, “বিএনপির বিরুদ্ধে জন্মের পর থেকে ষড়যন্ত্র হচ্ছে। বার বার এই দলটিকে ষড়যন্ত্র শিকার হতে হয়েছে। ১৯৮১ থেকে ৮২ পরবর্তীকালে ১৯৯৫ থেকে ’৯৬ দলকে ভাঙার ও দলকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে। এখন চক্রান্ত হচ্ছে বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়ার।”
“বিদেশি হত্যার সঙ্গে যখন বিএনপিকে জড়ানোর চেষ্টা করা হয় এবং অন্যান্য দলের সঙ্গে ব্র্যাকেট বন্দির চেষ্টা করা হয়, তখন এটা সুদূর প্রসারী চক্রান্ত বলে আমরা মনে করি।”
রাজধানীতে পুলিশ সদস্যের খুনের ঘটনায় বগুড়া যুবদলের এক নেতাকে গ্রেপ্তারেরও নিন্দা জানান তিনি।
খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের দৃষ্টি আকর্ষণ করে দলের ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “যেসব সংবাদ প্রকাশিত হচ্ছে, সেগুলো অনুমাননির্ভর। ওইসব রিপোর্টিংয়ে বলা হচ্ছে তিনি (খালেদা জিয়া) দেশে ফিরছেন না। আমরা মনে করি এটি একটি গভীর চক্রান্ত।”
“তিনি একজন জাতীয় নেত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার সম্পর্কে শুধু চিন্তাভাবনা করে অনুমাননির্ভর সংবাদ জনগণ সঠিকভাবে গ্রহণ করবে না।”
১/১১ সময়ে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার ‘চক্রান্তের’ কথাও তুলে ধরেন তিনি।
ফখরুল বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা করাচ্ছেন। চিকিৎসকরা যখনই তাকে ছেড়ে দেবেন, তখনই তিনি দেশে ফিরে আসবেন।”
৭ নভেম্বরের আগে খালেদা জিয়া দেশে ফিরবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “অবশ্যই আমরা আশা করছি।”
সংবাদ ব্রিফিংয়ে দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রায়ের বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “আমাদের দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা। আর যে রায়টি হয়েছে, এতে আমরা হতাশ হয়েছি। আমরা আশা করেছিলাম যে বিচার বিশ্লেষণ করে আদালত রায় দেবে।”
নেতৃত্বশূন্য করতে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
দীর্ঘ কয়েক মাস বিদেশে চিকিৎসায় থাকার পর দেশে ফিরে এই প্রথম নয়া পল্টনের কার্যালয়ে দলের যৌথ সভায় ফখরুল অংশ নিলেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সংবাদ ব্রিফিং শেষে মির্জা ফখরুল কার্যালয়ের নিচ তলায় আশুরা উপলক্ষে দলের এক মিলাদ মাহফিলে অংশ নেন।
