শিয়াদের উপর হামলার নিন্দা, ‘নিরপেক্ষ’ তদন্ত দাবি বিএনপির
পুরান ঢাকায় শিয়াদের আশুরার তাজিয়া মিছিলে হামলার নিন্দা জানিয়ে এতে জড়িতদের বের করতে ‘নিরপেক্ষ’ তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।
শনিবার ভোররাতের ওই হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে ক্ষমতাসীন আওয়ামী লীগের বক্তব্যে মূল অপরাধীরা পার পেয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেছে দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “হোসাইনী দালানের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।
“একই সঙ্গে এই ঘটনার জন্য যারা দায়ী সে ব্যাপারে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি আমরা করছি।”
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে হোসাইনী দালান ইমামবাড়ায় শিয়াদের সমাবেশে বোমা হামলায় একজন নিহত এবং অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।
নিহততের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ এবং আহতদের সুস্থতা কামনা করেন ফখরুল।
বিরোধী জোটকে ইঙ্গিত করে পুলিশ প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “উনারা এখন সরকারি দলের লোকজনের মতো কথা বলছেন। আমাদের বক্তব্য সুস্পষ্ট, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বের করা দরকার।”
“তা না হলে এটা একসময় ফ্র্যাংকেনস্টাইন হয়ে যাবে। হাতের বাইরে চলে যাবে,” সরকারকে সতর্ক করেন তিনি।
হোসাইনী দালানের বোমা বিস্ফোরণের ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেন কি না- প্রশ্ন করা হলে ফখরুল বলেন, “আমাদের দেশে যথেষ্ট অভিজ্ঞতাসম্পন্ন অনেক তদন্তকারী রয়েছেন, তাদের মাধ্যমে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হলে সব কিছু বেরিয়ে আসবে।
“ইচ্ছা থাকলেই সম্ভব। সমস্যা হচ্ছে, তদন্তের আগে তারা (সরকার) বলে দিচ্ছেন! ঘটনা ঘটার পরের দিনই বলা হল- বিদেশি হত্যার সঙ্গে বিএনপি জড়িত।”
বিদেশে চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার রাতে দেশে ফেরার পর নয়া পল্টন দলীয় কার্যালয়ে শনিবারই প্রথম দলের সাংগঠনিক কোনো কর্মসূচিতে প্রথম অংশ নিলেন ফখরুল।
